১৫ দিনে ৯ দফায় কমল সোনার দাম

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ নিয়ে গত ১৫ দিনে নয় দফায় কমল সোনার দাম। এই সময়ে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কমেছে মোট ৩৪ হাজার ৬৯০ টাকা।

শনিবার (২১ নভেম্বর) রাতে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়। রোববার (২২ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা, ভ্যাটসহ।

এ ছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ভরিতে ৫ হাজার ৮৯০ টাকা কমিয়ে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের দাম কমেছে ৫ হাজার ১৫ টাকা, নতুন দাম ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা।

সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৫ হাজার ৫৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

এর আগে ২০ নভেম্বর ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১০ হাজার ৯৫৪ টাকা, ১৯ নভেম্বর ৩ হাজার ২৬৬ টাকা এবং ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা কমানো হয়। এ ছাড়া ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল।

এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারিত রয়েছে। এসব দামও ভ্যাটসহ।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.