পশ্চিমবঙ্গে নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহের বড় কার্যাদেশ পেল আদানি

ভারতের পশ্চিমবঙ্গে ২৫ বছর ধরে নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহের বড় কার্যাদেশ পেয়েছে আদানি গ্রুপের প্রতিষ্ঠান আদানি এনার্জি সলিউশনস লিমিটেড। প্রতিষ্ঠানটির শতভাগ মালিকানাধীন সহযোগী সংস্থা পাওয়ারপালস ট্রেডিং সলিউশনস লিমিটেড এই কার্যাদেশ পেয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানির কাছ থেকে।

চুক্তি অনুযায়ী, প্রাথমিকভাবে ১ হাজার ৭৫০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ করবে পাওয়ারপালস। এর সঙ্গে অতিরিক্ত ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ নেওয়ার বিকল্পও রাখা হয়েছে। এই বিকল্প কার্যকর হলে সরবরাহের মোট সক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৫০০ মেগাওয়াটে। বিদ্যুৎ সরবরাহ হবে দিনরাত ২৪ ঘণ্টা।

প্রতিযোগিতামূলক দরপত্র ও ই-রিভার্স নিলাম প্রক্রিয়ার মাধ্যমে কার্যাদেশটি পেয়েছে প্রতিষ্ঠানটি। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২০২৮ সালের ১ জুলাই থেকে প্রাথমিক ১ হাজার ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। অতিরিক্ত ৭৫০ মেগাওয়াটের বিকল্প কার্যকর হলে ওই অংশের সরবরাহ শুরু হবে ২০২৯ সালের ১ এপ্রিল থেকে।

এ বিষয়ে আদানি এনার্জি সলিউশনসের প্রধান নির্বাহী কন্দর্প প্যাটেল বলেন, ভারতের জ্বালানি খাতের রূপান্তরে দিনরাত সরবরাহযোগ্য নবায়নযোগ্য বিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের বিদ্যুৎ সরবরাহে পরিচ্ছন্ন জ্বালানির সুবিধার পাশাপাশি সঞ্চালন ব্যবস্থার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব।

তিনি বলেন, বড় এই কার্যাদেশ পাওয়ায় সম্প্রসারণযোগ্য জ্বালানি সমাধান দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অঙ্গীকার আরও জোরালো হয়েছে। পশ্চিমবঙ্গের দীর্ঘমেয়াদি টেকসই বিদ্যুতের চাহিদা পূরণে রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানির সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। বড় বিদ্যুৎ ভোক্তাদের জন্য তাদের চাহিদা অনুযায়ী পৃথক ও সম্প্রসারণযোগ্য সমাধান দেওয়ায় পাওয়ারপালস দ্রুত পছন্দের অংশীদার হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি।

আদানি এনার্জি সলিউশনসের তথ্য অনুযায়ী, নতুন কার্যাদেশটি পাওয়ারপালসের জ্বালানি সমাধান কার্যক্রমে উল্লেখযোগ্য সংযোজন। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রায় ৪ দশমিক ৬ গিগাওয়াট সৌর ও বায়ুবিদ্যুৎ এবং প্রায় ৩ দশমিক ৫ গিগাওয়াট ঘণ্টা ব্যাটারি সংরক্ষণ সক্ষমতার ব্যবস্থা করেছে।

পাশাপাশি শিল্পকারখানা, তথ্যকেন্দ্র, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিদ্যুৎ বিতরণ কোম্পানির মতো বড় গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তিও বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি।

আদানি গ্রুপের অংশ আদানি এনার্জি সলিউশনস বিদ্যুৎ সঞ্চালন, বিতরণ, স্মার্ট মিটারিং ও শীতলীকরণ সমাধানসহ জ্বালানি খাতের বিভিন্ন ক্ষেত্রে কাজ করে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ভারতের বেসরকারি খাতের বৃহত্তম বিদ্যুৎ সঞ্চালন কোম্পানি হিসেবে তাদের নেটওয়ার্কের দৈর্ঘ্য ৩০ হাজার ৬৮৩ সার্কিট কিলোমিটার। বিদ্যুৎ রূপান্তর সক্ষমতা ১ লাখ ৪৬ হাজার ৫৮৫ এমভিএ।

এ ছাড়া মুম্বাই মহানগর ও মুন্দ্রা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১ কোটি ৩০ লাখ গ্রাহককে বিদ্যুৎ বিতরণ সেবা দেয় প্রতিষ্ঠানটি। একই সঙ্গে স্মার্ট মিটারিং ব্যবসার পরিধিও বাড়াচ্ছে আদানি এনার্জি সলিউশনস।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.