রাজধানীর বনানী থানাধীন মহাখালীতে অবস্থিত বেসরকারি টেলিভিশন বৈশাখীর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) বিকালে টেলিভশনের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, টিপু টেলিভিশন কার্যালয়ে প্রবেশের পর তাকে ঘিরে রাখে একদল লোক। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। টিপু ‘বৈষম্যবিরোধী আন্দোলনে’ সংঘটিত হত্যা মামলার আসামি।
এর আগে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এমন পরিস্থিতি থেকে উদ্ধারের আকুতি জানিয়ে কার্যালয়ের ছাদ থেকে ফেসবুক লাইভ করেন প্রতিষ্ঠানটিতে কর্মরত একজন সাংবাদিক।
বিকাল সাড়ে তিনটার দিকে বৈশাখী টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ওই লাইভ সম্প্রচার করা হয়। এতে একজন সাংবাদিক দাবি করেন, একদল লোক টেলিভিশনটির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। হামলার কারণে তারা নিচে নামতে পারছেন না।
লাইভে বৈশাখী টেলিভিশনের একজন কর্মী জানান, প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক মিলনকে একদল লোক তুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে কর্মীরা তাকে উদ্ধার করে কার্যালয়ে নিয়ে আসেন। তবে এরপরও হামলাকারীরা নিচে অবস্থান করছিলেন এবং মূল ফটক ভাঙার চেষ্টা করছিলেন।
পরে বনানী থানা-পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। লাইভে পুলিশ সদস্যদের নিচে অবস্থানরত লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় সাংবাদিকেরা তাদের আহত সহকর্মীকে হাসপাতালে পাঠাতে না পারার কথাও জানান।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.