শিক্ষার্থীদের চাকরির বাজারের সঙ্গে পরিচিত করা এবং কর্মজীবনের জন্য প্রস্তুত করতে দিনব্যাপী ক্যারিয়ার এক্সপোর আয়োজন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। শনিবার (২১ নভেম্বর) পূর্বাচল আমেরিকান সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। এতে দেশের ৬৮টি প্রতিষ্ঠান অংশ নেয়। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৮ জন শীর্ষ নির্বাহী ও শিল্প খাতের নেতারা এতে যুক্ত হন।
বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট (সিসিডি) আয়োজিত ‘ক্যারিয়ার এক্সপো-২০২৬’-এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাকরিদাতা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা দেবে। একই সঙ্গে চাকরির জন্য নিজেদের প্রস্তুত করতেও সহায়তা করবে।
উপাচার্য আরও বলেন, এ ধরনের আয়োজন থেকে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবে। কর্মক্ষেত্রে মানিয়ে নিতে দক্ষতা, যোগাযোগের সক্ষমতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের ক্ষেত্রেও ক্যারিয়ার এক্সপো ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমদ। তিনি বলেন, সাফল্যের ধারাবাহিকতায় এবার দ্বিতীয়বারের মতো ক্যারিয়ার এক্সপোর আয়োজন করা হয়েছে। এ মেলার মাধ্যমে শিক্ষার্থীরা চাকরিতে প্রবেশের জন্য নিজেদের আরও দক্ষ করে তোলার সুযোগ পাবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্টের পরিচালক ড. সিরাজুম মুনিরা।
দিনব্যাপী এ আয়োজনে ছিল পাঁচটি প্যানেল আলোচনা ও দুটি গোলটেবিল বৈঠক। এসব অধিবেশনে মানবসম্পদ বিশেষজ্ঞ, করপোরেট নির্বাহী ও বিভিন্ন শিল্প খাতের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় উঠে আসে ভবিষ্যতের কর্মশক্তি, কর্মসংস্থানমুখী দক্ষতা, মেধা ব্যবস্থাপনা, প্রযুক্তিনির্ভর মানবসম্পদ ব্যবস্থাপনা, নেতৃত্বের বিকাশ, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কর্মক্ষেত্রের পরিবর্তন এবং শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতার বিষয়গুলো।
এক্সপোতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ইউএস-বাংলা এয়ারলাইন্স, ফুডি, কার্টআপ, হোন্ডা পাওয়ার প্রোডাক্টস বাংলাদেশ, ক্রাউন সিমেন্ট, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ট্রান্সকম ইলেকট্রনিক্স, বাংলাদেশ ল্যাম্পস, ফকির গ্রুপ, ইয়ং গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, নাকিব গ্রুপ, পারটেক্স স্টার গ্রুপ, আকিজ ভেঞ্চার গ্রুপ, টি কে গ্রুপ, নিটোল-নিলয় গ্রুপ, ইফাদ গ্রুপ, এস্কয়ার ইলেকট্রনিক্স, জুহা গ্রুপ, এম অ্যান্ড জে গ্রুপ, আমান গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপ ও ঊর্মি গ্রুপ।
প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি খাত থেকে অংশ নেয় জেনেক্স ইনফোসিস, সেবপো, রেডিয়েন্ট ডাটা সিস্টেমস, ডিজিকন টেকনোলজিস, রিচস্যাভি সলিউশনস, ইগনাইট টেক সলিউশনস, ফিউচার ক্লাউড বাংলাদেশ, অ্যাপেক্স ডিএমআইটি, এটিআই, ডাটা সলিউশন ৩৬০, আইসিটিবাংলা ডটকম, ওএস আইটি সলিউশনস, এক্সপো টেকনোলজি, কিউএ হারবার, নিম্ফ সলিউশনস ও অন্যান্য প্রতিষ্ঠান।
এ ছাড়া চাকরি ও দক্ষতা উন্নয়নসংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসেবে ছিল সম্ভব জবস, নেক্সটজবজ, স্কিল জবস, ইন্টার্নবিডি, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, ওরিয়েন্ট কম্পিউটার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এস কে আইটি সেন্টার, ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিলস ডেভেলপমেন্ট, লার্নিং স্কিলস আইটি ইনস্টিটিউট, ইংলিশ থেরাপি, জববি গ্লোবাল, ই-লার্নিং অ্যান্ড আর্নিং, আপস্কিল বাংলাদেশ, হেডওয়ে গ্লোবাল ও জব বুস্টার সোশ্যাল বাংলাদেশ।
অন্যান্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল জীবন বীমা করপোরেশন, সার্ভিক বিপিও, প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট (প্রোমেক), গ্রিনারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ভালো অ্যাভান্ট-গার্ড, নূর অটোস, কাজী অ্যান্ড কাজী টি এস্টেট, ডেকো ফুডস, এসিআই লজিস্টিকস (স্বপ্ন), অ্যাপেক্স ফুটওয়্যার, আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ, কাজী রিসোর্ট, আহিয়ান হোটেল অ্যান্ড রিসোর্টস এবং গ্রিনারি এনার্জি সলিউশন।
ক্যারিয়ার এক্সপোতে মানবসম্পদ বিশেষজ্ঞ, করপোরেট নির্বাহী, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা অংশ নেন। আয়োজনটির মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.