আ.লীগ নিষিদ্ধে ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: প্রতিমন্ত্রী

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, পতিত ও পলাতক ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তির কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না। দেশে আওয়ামী লীগের পুনরুত্থানের কোনো সুযোগ নেই।

শনিবার (২১ নভেম্বর) রংপুরে শহীদ আবু সাঈদ স্টেডিয়াম ও শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, আওয়ামী লীগ তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করেছে। অন্তর্বর্তী সরকার দলটির কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে নিষিদ্ধের যে সিদ্ধান্ত নিয়েছিল, তা যথাযথ ছিল। দলটিকে চিরতরে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে সেই উদ্যোগ নেবে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে কোনো দেশের তাবেদার রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে এগিয়ে যাবে। কয়েকটি পুলিশ স্টেশনে আগুন দেওয়া কিংবা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনা সম্ভব নয়। সরকার দুর্বলতার কারণে নয়, বরং মানবিক ও দায়িত্বশীল বলেই ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে অগ্নিসংযোগ বা সহিংসতার ঘটনা ঘটছে না। নির্দিষ্ট একটি জেলায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। সামগ্রিকভাবে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সরকার সার্বক্ষণিক নজরদারি করছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে না। তবে স্থানীয় বিএনপি চাইলে রেজল্যুশনের মাধ্যমে কোনো প্রার্থীকে সমর্থন দিতে পারবে। দলের সিদ্ধান্ত বা সমর্থনের বাইরে গিয়ে কেউ নির্বাচন করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বেলা ২টার দিকে প্রতিমন্ত্রী শহীদ আবু সাঈদের নামে রংপুরের দুটি ক্রীড়া স্থাপনার নামকরণ ও উদ্বোধন করেন। এ সময় আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম এবং দুই ভাই উপস্থিত ছিলেন।

জুলাই গণ-অভ্যুত্থানে রংপুরের প্রথম শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ও স্মৃতি ধরে রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় স্টেডিয়াম দুটির নামকরণের সিদ্ধান্ত নেয়। প্রতিমন্ত্রী বলেন, এসব স্থাপনা সাহস, আত্মত্যাগ এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে থাকবে। এর আগে আবু সাঈদের কবর জিয়ারত করতে গিয়ে তিনি স্টেডিয়াম দুটির নামকরণের ঘোষণা দিয়েছিলেন। পরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে।

রংপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়নে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, রংপুরের উন্নয়নে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া উত্তরাঞ্চলের সামগ্রিক উন্নয়নে ৫ হাজার ৫০০ কোটি টাকার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান শামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল মাবুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মু. মাহবুবুর রশীদ, জেলা প্রশাসক ইসরাত জাহান, পুলিশ সুপার মোজাম্মেল হকসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.