বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা চান ইসলামী ব্যাংকগুলোর সংশ্লিষ্টরা

ইসলামী ব্যাংকগুলোর কার্যক্রমে প্রচলিত ব্যাংকিং নীতিমালা প্রয়োগ করতে গিয়ে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এ অবস্থায় ব্যাংকগুলোর চুক্তিগত ও শরীআহভিত্তিক পার্থক্য বিবেচনায় নিয়ে পৃথক নীতিমালা ও সহায়তা দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন সংশ্লিষ্টরা। তারা মনে করেন, ইসলামী ব্যাংকের জন্য বিশেষ সুবিধা নয়, বরং শরীআহর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমতাভিত্তিক নিয়ন্ত্রক ব্যবস্থা থাকা প্রয়োজন।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর দিলকুশায় পূবালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে এসব প্রস্তাব তুলে ধরা হয়। সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ ‘বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা: ইসলামী ব্যাংকগুলোর বাস্তব সমস্যা ও শরীআহসম্মত সমাধান’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান। স্বাগত বক্তব্য দেন বোর্ডের ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অব শরীআহ সেক্রেটারিয়েট উইং ও এসইভিপি মুহাম্মদ শামসুদ্দোহা, বাংলাদেশ ব্যাংকের শরীআহ অ্যাডভাইজরি বোর্ডের সদস্য ড. মুফতি ইউসুফ সুলতান এবং ইস্টার্ন ব্যাংক পিএলসির ডেপুটি চিফ অব ইসলামিক ব্যাংকিং ও এসইভিপি এ কে এম মীজানুর রহমান।

প্রবন্ধে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের পুনঃতফসিল, পুনর্গঠন, পুনঃঅর্থায়ন, প্রাক্-অর্থায়ন ও বিশেষ এক্সিটের মতো নীতি সহায়তা মূলত প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার কাঠামো বিবেচনায় তৈরি। ফলে ইসলামী ব্যাংকগুলো অনেক ক্ষেত্রে এসব সুবিধা কাজে লাগাতে পারছে না। এর উদাহরণ হিসেবে গ্রেস পিরিয়ডে মুনাফা আরোপ এবং মুদারাবা আমানতকারীদের তহবিল থেকে একতরফাভাবে মুনাফা মওকুফের বিষয়টি তুলে ধরা হয়। এ সমস্যা সমাধানে ইসলামী ব্যাংকগুলোর জন্য পৃথক সার্কুলার জারি, ওয়াকালা, মুদারাবা ও মুশারাকা পদ্ধতিতে পুনঃঅর্থায়ন তহবিল গঠন এবং শরীআহসম্মত তারল্য সহায়তা চালুর প্রস্তাব দেওয়া হয়। এ ছাড়া এনপিআই প্রভিশনিং এবং জু‘আলা ও ইবরাভিত্তিক নিষ্পত্তি পদ্ধতি ব্যবহার করে খেলাপি বিনিয়োগ আদায়ের বিষয়টিও প্রবন্ধে উল্লেখ করা হয়।

প্যানেল আলোচনায় অংশ নেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক, সোনালী ব্যাংক পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, বাংলাদেশ ব্যাংকের শরীআহ অ্যাডভাইজরি বোর্ডের সদস্য মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের আইবিআরপিডির পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান।

আলোচকরা বলেন, ইসলামী ব্যাংকিংয়ের চুক্তিগত কাঠামো প্রচলিত ব্যাংকের ঋণ ব্যবস্থার চেয়ে আলাদা। তাই নীতি সহায়তার শর্ত ও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণের সময় শরীআহর মৌলিক নীতিগুলো বিবেচনায় রাখা জরুরি। একই সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্ত গ্রাহকদের প্রতি সহনশীলতা দেখানো এবং ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার মধ্যে ভারসাম্য রাখার ওপর গুরুত্ব দেন তারা। পরে উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে বদিউর রহমান বলেন, ইসলামী ব্যাংকগুলোর আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ব্যাংকগুলোর বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে কার্যকর ও শরীআহসম্মত নীতি সহায়তা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার বলেন, শরীআহ পরিপালন বজায় রেখে নীতি সহায়তার সুফল পেতে বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংকগুলো এবং শরীআহ সুপারভাইজরি কমিটিগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সেমিনার শেষে ধন্যবাদ জ্ঞাপন ও দোয়া পরিচালনা করেন সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা। সেমিনারে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের প্রতিনিধি, বিভিন্ন ইসলামী সেবাদানকারী ব্যাংকের শীর্ষ নির্বাহী, শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য, শিক্ষাবিদ, গবেষক এবং সিএসবি ফেলোস ফোরামের নেতারা উপস্থিত ছিলেন। এতে ৪২টি প্রতিষ্ঠানের দুই শতাধিক প্রতিনিধি অংশ নেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.