পরিবেশবান্ধব শিল্পায়নে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশের শিল্পপ্রতিষ্ঠান আদজি ট্রিমস লিমিটেড। এলইইডি সনদে ১১০-এর মধ্যে ৯৭ পয়েন্ট পেয়ে প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস উৎপাদন খাতে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের কাছ থেকে এলইইডি প্লাটিনাম সনদ অর্জন করে আদজি ট্রিমস। ২০২৬ সালে এলইইডি বিডি+সি: নিউ কনস্ট্রাকশন ভি৪ ক্যাটাগরিতে এ স্বীকৃতি পায় প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির দাবি, সংশ্লিষ্ট উৎপাদন খাতে ৯৭ পয়েন্ট এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে সর্বোচ্চ অর্জন। এর আগে ২০২৫ সালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ডও অর্জন করে আদজি ট্রিমস।
ইনডেট গ্রুপের অন্যতম প্রতিষ্ঠানটি ঢাকার ধামরাইয়ের ডাউটিয়া, কালামপুরে অবস্থিত। ২০১২ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ২০১৬ সালের শেষদিকে নিজস্ব কারখানায় উৎপাদন শুরু করে। বর্তমানে এখানে প্রায় ১ হাজার ৮০০ কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক কর্মরত। প্রতিষ্ঠানটি প্রায় ৫৪ ধরনের প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস পণ্য উৎপাদন করে।
আদজি ট্রিমসের পক্ষ থেকে জানানো হয়েছে, এ অর্জন প্রতিষ্ঠানের সব কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, প্রকৌশলী ও ব্যবস্থাপনা দলের সম্মিলিত প্রচেষ্টার ফল। পাশাপাশি ক্রেতা, আন্তর্জাতিক ব্র্যান্ড সহযোগী, ব্যবসায়িক অংশীদার ও সরবরাহকারীদের সহযোগিতার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
ভবিষ্যতেও আধুনিক প্রযুক্তি, পরিবেশবান্ধব উৎপাদন ও আন্তর্জাতিক মান বজায় রেখে শিল্পের উন্নয়নে কাজ করার প্রত্যয় জানিয়েছে আদজি ট্রিমস।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.