পারমাণবিক বিদ্যুতে উন্নত প্রযুক্তির পথে বাংলাদেশ

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরুর মধ্য দিয়ে উন্নত প্রযুক্তির নতুন যুগে প্রবেশ করছে বাংলাদেশ। এর ফলে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রকৌশল, বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে। এমনটাই মনে করছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ।

তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়া বাংলাদেশ ও রাশিয়া উভয়ের জন্যই একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর মাধ্যমে বাংলাদেশ নির্ভরযোগ্য, স্থিতিশীল ও পরিবেশবান্ধব জ্বালানির উৎস পাবে। একই সঙ্গে আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতাও উল্লেখযোগ্যভাবে কমবে।

গত ১৭ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিট ৫৭ সেকেন্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়। এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। প্রাথমিক পর্যায়ে কেন্দ্রটির প্রথম ইউনিট নির্ধারিত তাপীয় ক্ষমতার ৪০ শতাংশে পৌঁছে ৩৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে।

আলেক্সি লিখাচেভ জানান, গত অক্টোবরের মাঝামাঝি সময়ে প্রথম ইউনিটের চুল্লি সর্বনিম্ন নিয়ন্ত্রণযোগ্য বিদ্যুৎ উৎপাদন স্তরে পৌঁছায়। এতে চুল্লির ভেতরে স্বয়ংসম্পূর্ণ ও নিয়ন্ত্রিত পারমাণবিক চেইন বিক্রিয়া নিশ্চিত হয়।

বিদ্যুৎ উৎপাদনের বর্তমান পর্যায়ে ধাপে ধাপে চুল্লির সক্ষমতা নির্ধারিত ক্ষমতার প্রায় ৪০ শতাংশে উন্নীত করা হয়েছে। এ পর্যায়ে স্টিম জেনারেটর থেকে টারবাইনে বাষ্প সরবরাহ শুরু হয় এবং টার্বোজেনারেটর জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়। পরবর্তী সময়ে পরীক্ষামূলক পরিচালনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন পূর্ণ সক্ষমতায় নেওয়া হবে। এরপর শুরু হবে বাণিজ্যিক উৎপাদন।

রসাটম মহাপরিচালক আরও বলেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের এই মাইলফলক বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং জ্বালানির উৎস বহুমুখীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। রুশ ও বাংলাদেশি বিশেষজ্ঞদের যৌথ প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে।

রুশ প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রকল্পটির প্রধান ডিজাইনার ও জেনারেল কন্ট্রাক্টর হিসেবে কাজ করছে রসাটমের প্রকৌশল বিভাগ।

কেন্দ্রটিতে আধুনিক পারমাণবিক নিরাপত্তা মান অনুসরণ করে নকশা করা তৃতীয় প্রজন্মের প্লাস (৩+) ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর ব্যবহার করা হয়েছে। বর্তমানে রাশিয়া ও বেলারুশে এ ধরনের ছয়টি ইউনিট চালু রয়েছে। এ ছাড়া মিশর, হাঙ্গেরি, তুরস্ক ও চীনসহ বিভিন্ন দেশে একই প্রযুক্তির রিঅ্যাক্টর নির্মাণাধীন রয়েছে। রূপপুর প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বাংলাদেশের প্রযুক্তিগত দক্ষতা, গবেষণা ও প্রকৌশল সক্ষমতা আরও বিকশিত হবে বলে আশা করছে রসাটম।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.