শেখ হাসিনাকে ‘কওমি জননী’ বলা বায়তুল মোকাররমের সাবেক খতিব আটক

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমীনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাওলানা মুফতি রুহুল আমীনের স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। তিনি ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন।

২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন রুহুল আমিন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রুহুল আমীন নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলেও জানা যায়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান বলে জানা যায়। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গেলে জুমার নামাজের আগে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় মসজিদের তৎকালীন খতিবের বয়ান চলছিল। রুহুল আমিনের পক্ষের লোকজন মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের অনুসারীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হন এবং মসজিদের দরজা-জানালার ক্ষতি হয়। ওই ঘটনার দুই দিন পর ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের পদ থেকে অপসারণের কথা জানানো হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.