আজ একনেকের সপ্তম সভা, অনুমোদনের অপেক্ষায় ২১ প্রকল্প

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভাকক্ষে এ সভা শুরু হওয়ার কথা রয়েছে।

পরিকল্পনা বিভাগের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগের নোটিশ অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে এটি একনেকের সপ্তম সভা। এতে অনুমোদনের জন্য নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ২১টি প্রকল্প উপস্থাপন করা হবে। পাশাপাশি আগে অনুমোদিত ১৪টি প্রকল্পের অগ্রগতি ও সংশোধনী প্রস্তাব নিয়েও আলোচনা হবে।

সভায় কৃষি, পানিসম্পদ, পল্লী অবকাঠামো, সড়ক পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের প্রকল্প নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

নতুন ও সংশোধিত প্রকল্পের তালিকায় স্থানীয় সরকার বিভাগের বেশ কয়েকটি বড় প্রকল্প রয়েছে। এর মধ্যে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ এবং জয়পুরহাট, ফরিদপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রস্তাব রয়েছে। এ ছাড়া বৃহত্তর সিলেট অঞ্চলের চার জেলা—সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং জয়পুরহাটের তিনটি জেলা মহাসড়ক মানসম্মত ও প্রশস্ত করার প্রকল্পও তালিকায় রয়েছে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় দেশের বিভিন্ন নদী ও জলাশয় খনন, পুনঃখনন, পুনরুদ্ধার এবং নদীভাঙন প্রতিরোধে একাধিক প্রকল্প উপস্থাপন করা হবে। এর মধ্যে মেট্রো ঢাকা প্রকল্পের গোঁদনগরবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প উল্লেখযোগ্য। পাশাপাশি জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলার ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পও সভায় উঠবে।

আর্থ-সামাজিক অবকাঠামো খাতে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপনের প্রস্তাব রয়েছে। এ ছাড়া ভোলার চরফ্যাশনে বাংলাদেশ দাতব্য চিকিৎসালয় সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং পটুয়াখালী কৃষি কলেজ প্রতিষ্ঠার প্রকল্পও অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

তালিকায় আরও রয়েছে ঢাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ এবং বাংলাদেশ বিমান বাহিনীর আবাসন সমস্যা সমাধানে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প।

অন্যদিকে, চলমান প্রকল্পের মধ্যে রয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলার আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রকল্প।

এ ছাড়া মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করা, খুলনা সড়ক জোনের মহাসড়কে পুরোনো সেতুর পরিবর্তে নতুন সেতু নির্মাণ এবং দুর্গম ও প্রত্যন্ত পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণের প্রকল্পগুলোও সভায় আলোচনার জন্য রাখা হয়েছে।

একনেক সভায় এসব প্রকল্পের প্রস্তাব পর্যালোচনা করে অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.