পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা মো. সিয়াম নামে এক হেলপারের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাহক ও লিসা পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা সিয়াম আগুনে পুড়ে মারা যান।
প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসে ঘুমিয়ে থাকা ব্যক্তিদের জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরে বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, লিসা পরিবহনের মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো. শাহ আলম সরদার। অন্যদিকে বাহক পরিবহনের মালিক ঝালকাঠির অমিত পাল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.