আইপিএল থেকে অবসরের ঘোষণা ধোনির

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতের কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) চেন্নাই সুপার কিংস (সিএসকে) আনুষ্ঠানিকভাবে তাঁর অবসরের বিষয়টি নিশ্চিত করেছে। তবে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন না তিনি। ২০২৭ সালের আইপিএল মৌসুমে সিএসকের টিম মেন্টর হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন এই সাবেক অধিনায়ক।

সিএসকের সঙ্গে ধোনির সম্পর্ক প্রায় দুই দশকের। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই দলটির নেতৃত্বে ছিলেন তিনি। তাঁর অধিনায়কত্বে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। আর ব্যাট হাতে ৩৮.৩০ গড় এবং ১৩৭.৪৫ স্ট্রাইকরেটে দলটির হয়ে ৫৪৩৯ রান করেছেন ভারতের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। এই সাফল্যের মধ্য দিয়ে আইপিএলের অন্যতম সফল অধিনায়ক হিসেবে নিজের অবস্থান প্রতিষ্ঠা করেন ধোনি।

চেন্নাই ফ্র্যাঞ্চাইজির মালিক এন শ্রীনিবাসন বলেন, ‘এমএস ধোনি ছাড়া সিএসকে হয় না। প্রায় দুই দশক ধরে জয়, পরাজয় এবং এর মাঝের সব কিছুর মধ্যে দিয়ে আমরা পরস্পরের হাত ধরে হেঁটেছি ও বেড়ে উঠেছি। আমাদের সম্পর্ক এতটা দৃঢ় হওয়ার নেপথ্যে একটাই কারণ রয়েছে– আমরা একে অপরকে নিয়ে কখনও প্রশ্ন তুলি না। সেই আস্থাই এই যাত্রাকে সম্ভব করেছে।’

তিনি আরও বলেন, ‘২০০৮ সালে আমি জোর দিয়ে বলেছিলাম যে, ধোনিকে সিএসকের অংশ হতেই হবে। পরে প্রমাণিত হয়েছে যে, এটাই ছিল আমার নেওয়া সেরা সিদ্ধান্ত। চেন্নাইয়ের হয়ে ধোনি যেসব সাফল্য পেয়েছে সে কারণে নয়, বরং ও মানুষ হিসেবে যেরকম সেজন্য। ধোনি সবসময় আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবে। এটা সবসময় ওর ঘর হয়ে থাকবে।’

২০২৬ সালের আইপিএলে চোটের কারণে মাঠে নামতে পারেননি ৪৫ বছর বয়সী এই ক্রিকেটার। এর আগে থেকেই তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। অবশেষে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে নতুন ভূমিকায় দলের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০২০ সালের আগস্টে অবসর নিয়েছিলেন ধোনি। এবার আইপিএল থেকেও বিদায় নেওয়ার মধ্য দিয়ে তাঁর দীর্ঘ খেলোয়াড়ি জীবনের আরেকটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। তবে মেন্টর হিসেবে তরুণ ক্রিকেটারদের অভিজ্ঞতা ও পরামর্শ দিয়ে যাওয়ার সুযোগ থাকছে তাঁর সামনে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.