স্বল্প দূরত্বের বাণিজ্যিক ভ্রমণের জন্য বৈদ্যুতিক উড়োজাহাজ তৈরিতে আরেক ধাপ এগিয়ে গেল চীন। দেশটির রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোম্যাক) প্রথমবারের মতো তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১০ টন ওজনের চালক ও প্রকৌশলীসহ ১৯ আসনের একটি সম্পূর্ণ বৈদ্যুতিক যাত্রীবাহী উড়োজাহাজ সফল পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করেছে।
কোম্যাক জানিয়েছে, শনিবারের পরীক্ষামূলক উড্ডয়নের সময় উড়োজাহাজটিতে দুজন পাইলট ও একজন ফ্লাইট-টেস্ট প্রকৌশলী ছিলেন। পুরো পরীক্ষাটি চলে ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড ধরে। এর মধ্যে বিমানটি ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে ওড়ে এবং এ সময় ৬০ দশমিক ৪ কিলোমিটার পথ পাড়ি দেয়। পুরো উড্ডয়নকালে উড়োজাহাজটি স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে এবং এর সব কর্মক্ষমতা সূচক প্রত্যাশা অনুযায়ী ছিল।
সিই-২৫এ কোম্যাকের তৈরি প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক উড়োজাহাজ। মূলত আন্তনগর বাণিজ্যিক যাত্রী পরিবহনের জন্য এটি তৈরি করা হয়েছে। এতে ১৯ জন যাত্রী বহন করা যাবে। উড়োজাহাজটির সর্বোচ্চ উড্ডয়ন ওজন ১০ টন। ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম উড়োজাহাজটি সর্বোচ্চ ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় উড়তে পারে। একবার চার্জে এর সর্বোচ্চ দূরত্ব ৪০০ কিলোমিটার।
চলতি বছরের ২ ফেব্রুয়ারি এর প্রথম চালকবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন হয়। তৈরির পর্যায়ে এটি চালক ছাড়া ১৯টি পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। কোম্যাকের পাশাপাশি চীনের ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান কনটেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোম্পানি লিমিটেড (সিএটিএল), সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয় ও দেশীয় অন্যান্য অংশীদার যৌথভাবে উড়োজাহাজটি তৈরি করছে।
এখন বিমানটি বাণিজ্যিকভাবে চালানোর জন্য সনদ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। উড়োজাহাজটির নকশা ও নির্মাণের পরবর্তী ধাপ হিসেবে এর টাইপ সার্টিফিকেট বা উড্ডয়ন-যোগ্যতার সনদের জন্য কোম্যাকের করা আবেদন গ্রহণ করেছে চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.