মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে সমাহিত করা হয়। কৃষক-শ্রমিকের অধিকার আদায় এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে উপমহাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই নেতা।
১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা ভাসানী। জন্ম সিরাজগঞ্জে হলেও জীবনের বড় একটি সময় তিনি কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। মৃত্যুর পর সেখানেই তাকে সমাহিত করা হয়।
১৯১১ সালে মওলানা মোহাম্মদ আলীর সান্নিধ্যে এসে রাজনীতিতে যুক্ত হন তিনি। ১৯১৭-১৮ সালে প্রবাসী সরকারের নেতৃত্বে তুরস্কের সহায়তায় ভারতবর্ষ স্বাধীন করার পরিকল্পনায় রেশমী রুমাল আন্দোলনে অংশ নেন। এ আন্দোলনের কারণে ১৯১৯ সালে তাকে কারাবরণ করতে হয়। এ সময় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সান্নিধ্য লাভ করেন এবং তার স্বরাজ আন্দোলনে যুক্ত হন। পাশাপাশি খিলাফত ও অসহযোগ আন্দোলনেও অংশ নেন।
১৯২৫ থেকে ১৯২৭ সাল পর্যন্ত আসাম ও পূর্ব বাংলায় কৃষক-শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন সংগঠন গড়ে তোলেন ভাসানী। এ সময় জমিদার ও সুদখোর মহাজনদের বিরুদ্ধে আন্দোলন করেন তিনি। ১৯২৮ সালে কলকাতায় খিলাফত সম্মেলনে অংশ নেন। পরের বছর আসামের ভাসান চরে দ্বিতীয়বারের মতো আয়োজিত কৃষক-প্রজা সম্মেলনেও যোগ দেন।
১৯৩৬ সালে কংগ্রেস ছেড়ে মুসলিম লীগে যোগ দেন ভাসানী। পরে আসাম প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৩৭ সালে আসামে কুখ্যাত লাইন প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। একই বছর আসাম প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
১৯৪৭ সালের ৫ মার্চ আসামে আন্দোলনের ডাক দেন তিনি। এরপর বাংলাদেশে ফিরে আসেন। ১৯৪৮ সালের ১৭ মার্চ পূর্ব বাংলার ব্যবস্থাপক সভায় বাংলা ভাষার পক্ষে অবস্থান নেন। পাকিস্তানে সাপ্তাহিক ইত্তেফাক প্রকাশের উদ্যোগও নেন তিনি।
১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করে দলটির সভাপতি হন ভাসানী। ১৯৫৫ সালের ১৫ জুন পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবিতে ঐতিহাসিক পল্টন ময়দানে জনসভা করেন। ১৯৫৭ সালের ৬ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঐতিহাসিক কাগমারী সম্মেলনে পশ্চিম পাকিস্তানের উদ্দেশে বিখ্যাত ‘আসসালামু আলাইকুম’ ঘোষণা দেন তিনি।
ওই বছরের মার্চে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে রাজনৈতিক মতবিরোধের জেরে আওয়ামী লীগ ত্যাগ করেন ভাসানী। পরে ২৬ জুলাই ন্যাশনাল আওয়ামী পার্টি প্রতিষ্ঠা করেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য অধ্যায়জুড়ে রয়েছে কৃষক-শ্রমিকের অধিকার আদায়, স্বায়ত্তশাসনের দাবি এবং বিভিন্ন গণআন্দোলনে নেতৃত্ব।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.