রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের আপিল এবং ডেথ রেফারেন্সের রায় আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ঘোষণা করবেন হাইকোর্ট।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার উভয় পক্ষের শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামিদের মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করে।
মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ অনুযায়ী, সোহেল রানা শিশুটিকে নিজের ফ্ল্যাটে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন। পরে মরদেহ গোপন করার চেষ্টা করে বাথরুমের জানালার গ্রিল কেটে পালিয়ে যান তিনি। একই দিন তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিচার শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেলকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এরপর নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডের বিরুদ্ধে দুই আসামি জেল আপিল করেন। গতকাল এক দিনেই উভয় পক্ষের শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা শুনানি করেন। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান শুনানি করেন।
রাষ্ট্রপক্ষ শুনানিতে সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি তুলে ধরে মৃত্যুদণ্ড বহাল রাখার আবেদন জানায়। আজকের রায়ের মধ্য দিয়ে মামলাটির পরবর্তী বিচারিক পরিণতি নির্ধারিত হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.