ডি-ক্যাটাগরি ইনকোটার্মসের আওতায় আমদানির ক্ষেত্রে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ পরিশোধ ও অর্থ দেশে ফেরত আনার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ডিএপি, ডিপিইউ ও ডিডিপি শর্তে আমদানির ক্ষেত্রে এসব চার্জ নিষ্পত্তি করতে হবে নির্ধারিত নিয়মে।
সোমবার (১৬ নভেম্বর) এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
নির্দেশনা অনুযায়ী, বিদেশি সরবরাহকারীকে আমদানির পুরো মূল্য পরিশোধ করা হলে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জের অর্থ নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকিং চ্যানেলে দেশে ফেরত আনতে হবে। এ ক্ষেত্রে মনোনীত সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যয় নির্বাহের আগে অথবা আমদানি মূল্য পরিশোধের তারিখ থেকে এক মাসের মধ্যে অর্থ দেশে ফেরত আনতে হবে। তবে বিকল্প পদ্ধতিতে বিদেশি সরবরাহকারীকে আমদানি মূল্য থেকে পৃথকভাবে চিহ্নিত গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ বাদ দিয়ে অবশিষ্ট অর্থ পাঠানোর সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন ও সহায়ক দলিলপত্রের ভিত্তিতে সংশ্লিষ্ট চার্জের অর্থ বাংলাদেশে মনোনীত সুবিধাভোগী বা সেবাদানকারী প্রতিষ্ঠানের অনুকূলে পরিশোধ করা যাবে।
এতে আরও বলা হয়েছে, আমদানি কার্যক্রম শুরুর আগেই অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট আমদানি চুক্তি যাচাই করতে হবে। চুক্তিতে এফওবি মূল্য, পরিবহন ভাড়া, বিমা এবং প্রযোজ্য সব গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ আলাদাভাবে উল্লেখ রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে অর্থ দেশে ফেরত আনা, সংশ্লিষ্ট আমদানি লেনদেনের সঙ্গে অর্থের সম্পর্ক নিশ্চিত করা এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের দায়িত্বও দেওয়া হয়েছে এডি ব্যাংকগুলোকে। আমদানি মূল্যের অন্তর্ভুক্ত গন্তব্য-সংশ্লিষ্ট কোনো চার্জই ব্যাংকিং চ্যানেলের বাইরে পরিশোধ করা যাবে না।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.