মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার পরামর্শ ডুপা উপদেষ্টা পর্ষদের

ঢাকা বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপা) উপদেষ্টা পর্ষদ ও ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা পর্ষদের সদস্যরা।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ডুপার সাংগঠনিক কার্যক্রম, কৌশলগত পরিকল্পনা, মানবিক উদ্যোগ এবং অ্যালামনাইদের কল্যাণে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

ডুপার প্রেসিডেন্ট ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব ও সরকারের অতিরিক্ত সচিব এএসএম হুমায়ুন কবীর।

সভায় বক্তব্য দেন প্রফেসর ড. আহমেদ শফিকুল হক, প্রফেসর ড. হাবিব জাফরুল্লাহ, প্রফেসর ড. মোবাশ্বের মোনেম, ফজলুল করিম আবিদ, মো. আবুল কালাম, শেখ রাফেজ আহমেদ, পাবলিক সার্ভিস কমিশনের সদস্য প্রফেসর ড. ফেরদৌস আরফিনা ওসমান ও একেএম আফতাব হোসেন প্রামাণিক, কবিরুল ইজদানী খান, নাজনীন খালেক সুপ্তি, ড. রিজওয়ান খায়ের, নাঈম আহমেদ ও মো. আবু তাহের প্রমুখ।

সভায় ডুপার সহ-সভাপতি ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (সচিব) মো. বাবুল মিঞা, সাবেক রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী, ফরহাদ জেসমিন লিটি এবং যুগ্মমহাসচিব রিয়াসাত আল ওয়াসিফসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় ডুপার কৌশলগত পরিকল্পনা নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন যুগ্মমহাসচিব ড. একেএম সাইফুল্লাহ।

সভায় প্রফেসর ড. হাবিব জাফরুল্লাহ ডুপার মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমাজ ও দেশের প্রতি সবার দায়বদ্ধতা রয়েছে। অ্যালামনাইদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমাজ ও দেশের জন্য ইতিবাচক অবদান রাখতে হবে। একই সঙ্গে ডুপাকে একটি পেশাদার সংগঠন হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

প্রফেসর ড. আহমেদ শফিকুল হক ডুপার কৌশলগত পরিকল্পনাকে বাস্তবতার সঙ্গে সমন্বয় করে কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। তিনি পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি বাস্তবায়নযোগ্য উদ্যোগ গ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পরামর্শ দেন।

পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোবাশ্বের মোনেম বলেন, লোকপ্রশাসন বিভাগ ও শিক্ষকদের কাছে অ্যালামনাইরা সবাই ঋণী। তাই বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করা প্রয়োজন।

তিনি অ্যালামনাইদের সফট স্কিল উন্নয়ন, মেন্টর ও মেন্টির মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে তোলা এবং প্রয়োজন নিরূপণের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন। পরিবর্তিত সময় ও কর্মপরিবেশের সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

এ ক্ষেত্রে ডুপার উদ্যোগে কমিউনিকেশন ক্লাব অথবা ল্যাঙ্গুয়েজ ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে অ্যালামনাইদের যোগাযোগ দক্ষতা ও ভাষাগত সক্ষমতা উন্নয়নের সুযোগ সৃষ্টির পরামর্শ দেন প্রফেসর ড. মোবাশ্বের মোনেম।

ডুপার মহাসচিব এএসএম হুমায়ুন কবীর সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত, কার্যকর ও পেশাদার পর্যায়ে উন্নীত করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি বিভাগ ও অ্যালামনাইদের মধ্যে যোগাযোগ, সহযোগিতা এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে ডুপার প্রেসিডেন্ট জালাল আহমেদ অ্যালামনাই ও শিক্ষার্থীদের কল্যাণ এবং সংগঠনের জন্য স্থায়ী অফিস ক্রয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। উপদেষ্টা পর্ষদের পরামর্শের আলোকে ডুপার ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবমুখী, অন্তর্ভুক্তিমূলক ও কল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.