ভিসা প্রক্রিয়া সহজ করতে বড় সংস্কার আনল ভারত

বিদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন ও ভ্রমণপ্রক্রিয়া সহজ করতে ভিসা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছে ভারত সরকার। নতুন কাঠামোয় ভিসার প্রধান ক্যাটাগরি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপক্যাটাগরি ৪৯টি থেকে ২৩টিতে নামানো হয়েছে। একই সঙ্গে আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণের ঘর কমানো হয়েছে ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত। পর্যটন, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসাসহ বিভিন্ন উদ্দেশ্যে ভারতে যেতে আগ্রহীদের সুবিধা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিসা আবেদনপত্র সহজ করার পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরির কাঠামোও পুনর্বিন্যাস করেছে। নতুন ব্যবস্থায় ২৩টি উপক্যাটাগরির আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য দেওয়ার ঘর উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। সর্বশেষ সংস্কারের আগে উন্নত দেশগুলোর ভিসা ব্যবস্থা ও আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করেছে সরকার। এর আগে ২০২৫ সালের অক্টোবরে ভিসার প্রধান ক্যাটাগরির সংখ্যা কমিয়ে এক দফা পরিবর্তন আনা হয়েছিল।

ট্যুরিস্ট ভিসার বদলে ভিজিটর ভিসা

নতুন ব্যবস্থার অন্যতম পরিবর্তন হলো, ট্যুরিস্ট ভিসার নাম বদলে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা ও অবকাশমূলক কর্মসূচি এবং সাংস্কৃতিক ও শিক্ষামূলক কোর্সও এ ভিসার আওতায় আনা হয়েছে।

ভিজিটর ভিসাকে ভি-১ ও ভি-২—দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। পর্যটন ছাড়াও স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা ও অবকাশমূলক কার্যক্রম, স্বল্পমেয়াদি চিকিৎসা এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা ও হস্তশিল্পবিষয়ক কোর্সে অংশ নেওয়া যাবে। স্বল্পমেয়াদি যোগব্যায়াম কর্মসূচিও এর অন্তর্ভুক্ত।

অন্যদিকে, দীর্ঘ সময় ভারতে অবস্থান করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য রাখা হয়েছে ভি-২ ভিসা। যোগ্যতা অনুযায়ী এ ভিসার মেয়াদ হবে এক, পাঁচ অথবা ১০ বছর। ভি-১-এর আওতাভুক্ত কার্যক্রমের পাশাপাশি পর্বতারোহণের জন্যও এটি ব্যবহার করা যাবে। এ ক্ষেত্রে ছয় মাস মেয়াদি একাধিকবার প্রবেশের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।

চিকিৎসা ভিসায় একাধিকবার প্রবেশের সুযোগ

চিকিৎসা ভিসার ক্ষেত্রেও পরিবর্তন এনেছে ভারত সরকার। প্রচলিত চিকিৎসা ও আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। এম-১ ভিসায় আয়ুষ পদ্ধতির বাইরে অন্যান্য চিকিৎসা নেওয়া যাবে। আর আয়ুষ চিকিৎসার জন্য প্রযোজ্য হবে এম-৩ ভিসা। ই-ভিসাসহ উভয় ধরনের ভিসার সাধারণ মেয়াদ হবে এক বছর এবং এতে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে।

রোগীর সঙ্গে যাওয়া ব্যক্তিদের জন্যও আলাদা ভিসার ব্যবস্থা রয়েছে। এম-১ ভিসাধারীর সঙ্গীরা এম-২ এবং এম-৩ ভিসাধারীর সঙ্গীরা এম-৪ ভিসা পাবেন।

ভারত সরকারের মতে, দীর্ঘ সময় ধরে চিকিৎসকের পরামর্শ, ফলোআপ কিংবা একাধিক চিকিৎসা প্রক্রিয়ার প্রয়োজন হয়—এমন বিদেশি রোগীদের জন্য এ ব্যবস্থা সুবিধাজনক হবে। একাধিকবার প্রবেশের সুযোগ থাকায় প্রতিবার চিকিৎসার জন্য নতুন করে ভিসা আবেদনের প্রয়োজন কমবে। ‘হিল ইন ইন্ডিয়া’ বা ভারতে চিকিৎসা নেওয়ার উদ্যোগকে এগিয়ে নেওয়ার পরিকল্পনার অংশ হিসেবেও এ পরিবর্তন আনা হয়েছে।

শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন ব্যবস্থা

শিক্ষার্থী ভিসাকে এস-১ ও এস-২—দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এস-১ ভিসার আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে। অন্যদিকে, এস-২ ভিসা দেওয়া হবে পিএইচডি গবেষক, গবেষণারত শিক্ষার্থী, ভিজিটিং শিক্ষক, বৈজ্ঞানিক ও নৃতাত্ত্বিক অভিযানে অংশগ্রহণকারী, ইন্টার্নশিপ এবং বিনিময় কর্মসূচিতে যুক্ত ব্যক্তিদের। অন্যান্য শিক্ষামূলক কার্যক্রমও এ ক্যাটাগরির আওতায় থাকবে।

‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি ই-এস১ ভিসা পেতে পারেন। তবে শিক্ষাক্রমের মেয়াদ পাঁচ বছরের কম হলে ভিসার মেয়াদও সেই অনুযায়ী নির্ধারিত হবে। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।

ব্যবসায়িক ভিসার পুনর্বিন্যাস

ব্যবসায়িক ভিসাকেও বি-১ ও বি-২—দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। বি-১ ভিসার আওতায় দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা যাবে। ভারতে শিল্পপ্রতিষ্ঠান বা ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলতে আগ্রহী বিদেশি নাগরিকেরাও এ সুবিধা পাবেন।

অন্যদিকে, স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক কাজের জন্য দেওয়া হবে বি-২ ভিসা। এর আওতায় উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত ব্যবসায়িক কার্যক্রম, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং চলচ্চিত্রের শুটিং অন্তর্ভুক্ত থাকবে।

ভারতীয় প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের জন্যও নির্দিষ্ট ব্যবস্থা রাখা হয়েছে। যন্ত্রপাতি স্থাপন ও চালু করা, গুণগত মান যাচাই, রক্ষণাবেক্ষণ, উৎপাদন, তথ্যপ্রযুক্তি ও ইআরপি কার্যক্রম, প্রশিক্ষণ, সরবরাহব্যবস্থার উন্নয়ন, কারখানার নকশা এবং কারিগরি সহায়তার কাজে যুক্ত পেশাজীবীরা এ সুবিধা পাবেন।

এ ধরনের বিশেষজ্ঞরা ই-ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে বি-২ ক্যাটাগরিতে ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ নিতে পারবেন। আগে এসব কার্যক্রম ই-বি৪ ভিসার আওতায় পরিচালিত হতো। নতুন ব্যবস্থায় বিদেশি কারিগরি বিশেষজ্ঞ নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো আরও স্পষ্ট নির্দেশনা পাবে বলে আশা করছে সরকার।

১৭২ দেশের নাগরিকদের জন্য ই-ভিসা সুবিধা

বর্তমানে ১৭২টি দেশের নাগরিকেরা ভারতের ১৩টি উপক্যাটাগরির আওতায় ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে ই-ভিসা সুবিধা পান। নতুন কাঠামো কার্যকর করতে ভিসা ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে তথ্যপ্রযুক্তি অবকাঠামো হালনাগাদ করছে দেশটির সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ নতুন কাঠামোয় ভিসা দেওয়া শুরু হতে পারে।

সংশোধিত ব্যবস্থায় ভিসার প্রধান ক্যাটাগরি থাকবে মোট ৯টি। এগুলো হলো—ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ ভিসা।

বিবিধ ভিসার আওতায় থাকবেন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি এবং তাদের স্বামী বা স্ত্রী ও সন্তান, দীর্ঘমেয়াদি ভিসাধারী বিদেশি নাগরিকদের নির্ভরশীল পরিবারের সদস্য, অরোভিল ফাউন্ডেশনের মতো নির্দিষ্ট প্রতিষ্ঠানে যোগ দিতে যাওয়া ব্যক্তি এবং ভারতে থাকার ভিসা প্রত্যাশী আফগান নাগরিকেরা। এ ছাড়া প্রতিবেশী কয়েকটি দেশের নাগরিকদের জন্য নির্ধারিত বিশেষ দীর্ঘমেয়াদি ভিসার আওতাভুক্ত ব্যক্তিরাও এ ক্যাটাগরিতে থাকবেন।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.