শ্রমিক আন্দোলনে গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, ৭টি বন্ধ

শ্রমিক আন্দোলন ও অসন্তোষের জেরে গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলে অস্থিরতা অব্যাহত রয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে শিল্পাঞ্চলের অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার সকাল ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, সফিপুর, কোনাবাড়ী ও পল্লীবিদ্যুৎ এলাকায় ঘুরে দেখা যায়, বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে প্রধান ফটকে বন্ধের নোটিশ দেখতে পান। এতে অনেকের মধ্যে চাকরি নিয়ে অনিশ্চয়তা ও আতঙ্ক তৈরি হয়েছে

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার, অ্যাপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন, করণীসহ মোট সাতটি প্রতিষ্ঠান। এসব কারখানার ফটকে বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।

শ্রমিকদের দাবি, তারা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করেছিলেন। সরকার মজুরি বৃদ্ধির ঘোষণা দেওয়ার পর তারা স্বাভাবিক পরিবেশে কাজে ফিরতে চান। তবে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় তাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

শিল্পাঞ্চলে গত কয়েক দিন ধরে সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত ছিল। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ, শিল্প পুলিশ, আনসার ও বিজিবির ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, শ্রমিক অসন্তোষ, হামলা ও ভাঙচুরের আশঙ্কায় অনেক কারখানা বন্ধ রাখা হয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও সেখানে স্বাভাবিকভাবে কাজ হচ্ছে না। অনির্দিষ্টকালের জন্য ঠিক কতটি কারখানা বন্ধ রয়েছে, সে বিষয়ে এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও জানান, রোববার সকালে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনেক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে নতুন করে কোনো শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.