রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান শান্তি আলোচনার পরিধি বাড়াতে সম্মত হয়েছে দুই পক্ষ। পরবর্তী দফার আলোচনায় ইউরোপের প্রতিনিধিরাও যুক্ত হবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেন উইটকফ ও কুশনার। তবে রাশিয়ার পক্ষ থেকে ইউরোপের অংশগ্রহণের বিষয়টি নিয়ে কিছুটা ভিন্ন অবস্থান দেখা গেছে। ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ পরবর্তী আলোচনায় ইউরোপের অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেননি।
আবুধাবিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হলেও কোনো বড় অগ্রগতি ছাড়াই আলোচনা শেষ হয়। তবে জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় বন্দিবিনিময়ের একটি আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। অন্যদিকে, ইউক্রেনের সামরিক যোগাযোগব্যবস্থায় স্পেসএক্সের স্টারশিল্ড সেবা বিঘ্নিত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জেলেনস্কি। তবে স্পেসএক্স জানিয়েছে, তাদের সেবায় কোনো পরিবর্তন আনা হয়নি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে কূটনৈতিক তৎপরতা চললেও আলোচনায় এখনো বড় ধরনের অগ্রগতি আসেনি। পরবর্তী দফার আলোচনায় ইউরোপের অংশগ্রহণ শান্তি প্রচেষ্টাকে কোন দিকে নিয়ে যায়, সেটিই এখন দেখার বিষয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.