প্রশাসন ডিসেম্বরের অপেক্ষায়  কি না, জানতে চাইলেন মন্ত্রিপরিষদ সচিব

প্রশাসনের কোনো পর্যায়ে ডিসেম্বরের অপেক্ষায় থেকে কাজে ধীরগতি দেখানো হচ্ছে কি না, তা নিয়ে সচিবদের কাছে প্রশ্ন তুলেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। একই সঙ্গে প্রশাসনিক কাজে গতি বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক জরুরি সচিব সভায় এসব নির্দেশনা দেন মন্ত্রিপরিষদ সচিব। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবেরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সূত্রের বরাতে জানা গেছে, দিনের নিয়মিত কর্মসূচি শুরুর পর উপসচিব মোহাম্মদ নাজিমুল হায়দারের স্বাক্ষরিত জরুরি নোটিশে দুপুর আড়াইটায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠকটি আহ্বান করা হয়। বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে সভা।

বৈঠকে নাসিমুল গনি প্রশ্ন তোলেন, প্রশাসনের কোনো পর্যায়ে কেউ কাজে গতি না ফিরিয়ে ডিসেম্বরের জন্য অপেক্ষা করছেন কি না। এ সময় বিভিন্ন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো প্রস্তাব ও সংশ্লিষ্ট সারসংক্ষেপ দ্রুত পাঠানোর নির্দেশ দেন তিনি।

এ ছাড়া চলমান শ্রমিক আন্দোলন ও সমসাময়িক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং বিভিন্ন উদ্যোগের অগ্রগতি জনগণের সামনে জোরালোভাবে তুলে ধরতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়।

সভায় অংশ নেওয়া একজন সচিব নাম প্রকাশ না করার শর্তে জানান, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি সরকার রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বলে বৈঠকে আলোচনা হয়েছে। তবে প্রশাসনের সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও অর্জনের তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরতে বলা হয়েছে।

ওই সচিব আরও বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক নানা প্রতিকূলতার মধ্যেও সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। দেশে-বিদেশে সরকারের প্রতি তৈরি হওয়া সমর্থন ধরে রাখতে প্রশাসনিক তৎপরতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে।

প্রশাসনে ডিসেম্বর প্রসঙ্গটি সামনে এসেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, তিনি ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন।

এরপর গত ৯ নভেম্বর তাঁর আইনজীবীরা নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়।

তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনাকে সাধারণ নাগরিকের মতো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, তাঁকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে পাসপোর্ট নয়, বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফিরিয়ে আনার কথা জানান তিনি।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পাসপোর্টের জন্য করা আবেদনটির সত্যতা ও আইনি ভিত্তি পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। আইনগতভাবে দণ্ডিত পলাতক আসামির এমন আবেদনের সুযোগ আছে কি না, তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.