রাব্বুর রেজা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রাব্বুর রেজা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় তাঁকে পাঁচ বছরের জন্য এ পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। অবিলম্বে এ নিয়োগ কার্যকর হবে। তবে কোম্পানির পরবর্তী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে নিয়োগটি চূড়ান্ত হবে। বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আহমেদ পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে তার দায়িত্ব অব্যাহত রাখবেন।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন দায়িত্বে রাব্বুর রেজা প্রতিষ্ঠানটির সামগ্রিক কার্যক্রম ও কৌশলগত পরিকল্পনার নেতৃত্ব দেবেন। এ ক্ষেত্রে পরিচালন দক্ষতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সুশাসন জোরদার, অংশীজনদের আস্থা বৃদ্ধি, উদ্ভাবন ত্বরান্বিত করা এবং দেশ-বিদেশের ওষুধবাজারে ব্যবসা সম্প্রসারণকে বিশেষ গুরুত্ব দেবেন।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান এ এস এফ রহমান বলেন, ‘রাব্বুর রেজাকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিতে পেরে আমরা আনন্দিত। প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের পুরো সময়ে তিনি অসাধারণ নেতৃত্বগুণ ও শিল্পখাতের অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন। একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে বেক্সিমকো ফার্মার প্রবৃদ্ধিতে তাঁর অবদান গুরুত্বপূর্ণ। রোগী ও শেয়ারহোল্ডারদের জন্য রাব্বুর রেজার উদ্যোগগুলো ইতিবাচক ভূমিকা রেখেছে। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।’
নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা বলেন, ‘ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এ দায়িত্ব দেওয়ার জন্য পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বেক্সিমকো ফার্মার সঙ্গে আমার ২৫ বছরের বেশি সময়ের পথচলা। আরও বেশি মানুষের কাছে উন্নত মানের সাশ্রয়ী ওষুধ পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন দায়িত্বে কাজ করতে আমি অত্যন্ত আগ্রহী।’
রাব্বুর রেজা ২০০৯ সাল থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। ওষুধশিল্পে তাঁর ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক ব্যবসা সম্প্রসারণ, পরিচালনা, কৌশল নির্ধারণ ও নেতৃত্বের বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন তিনি।
তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটির রপ্তানি কার্যক্রম ৬০টির বেশি দেশে সম্প্রসারিত হয়েছে। এসব দেশের মধ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন বাজার রয়েছে। এ ছাড়া নুভিস্তা ফার্মা এবং সানোফি বাংলাদেশ (বর্তমানে সাইনোভিয়া ফার্মা) অধিগ্রহণের কৌশলগত উদ্যোগেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
হেপাটাইটিস সি ও কোভিড-১৯-এর চিকিৎসায় প্রথম বাজারজাত করা জেনেরিক ওষুধসহ বিভিন্ন বিশেষায়িত জেনেরিক ওষুধ ও উদ্ভাবনী চিকিৎসাপণ্য বাজারে আনার ক্ষেত্রেও তাঁর ভূমিকা রয়েছে। ২০২৬ সালে বাজারে আসা ট্রিকো এ ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্যোগ। এটি সিস্টিক ফাইব্রোসিসের চিকিৎসায় ব্যবহৃত যুক্তরাষ্ট্রের ভার্টেক্স ফার্মাসিউটিক্যালসের ওষুধ ট্রিকাফটার প্রথম জেনেরিক সংস্করণ।

রাব্বুর রেজা ভারতের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক এবং অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া হার্ভার্ড বিজনেস স্কুল, লন্ডন বিজনেস স্কুল ও এমআইটি স্লোন স্কুল অব ম্যানেজমেন্টে নির্বাহী ও ব্যবস্থাপনা উন্নয়ন শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেছেন তিনি।
রাব্বুর রেজা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের (বিএপিআই) নির্বাহী কমিটির সদস্য। পাশাপাশি মন্ট্রিল প্রটোকলের আওতাধীন মেডিকেল টেকনিক্যাল অপশনস কমিটিরও সদস্য তিনি

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.