দেশের বাজারে টানা তৃতীয় দফায় সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ এ মানের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়। তবে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১০০ টাকা কমে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ হাজার ৫৭৫ টাকা কমে ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে বুধবার (১১ নভেম্বর) এক দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় সোনার দাম কমিয়েছিল বাজুস। ওই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। একইভাবে ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬২৪ টাকা কমে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ২১৬ টাকা কমে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ হাজার ৮০৮ টাকা কমে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা হয়েছিল।
সব মিলিয়ে সর্বশেষ তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা। এর আগে গত ২, ৪ ও ৫ নভেম্বর টানা তিন দফায় সোনার দাম বাড়িয়েছিল বাজুস। ওই তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরিতে মোট ১২ হাজার ৭২ টাকা বেড়েছিল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.