গাজার নাসের হাসপাতালে ইসরাইলি হামলা, রোগী-চিকিৎসকসহ নিহত ৬

ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনের বেশি। হতাহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও চিকিৎসাকর্মী রয়েছেন।

আলজাজিরার প্রতিবেদক হিন্দ খুদারি গাজা থেকে জানান, হামলার পর হাসপাতালটিতে তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ করেছে সিভিল ডিফেন্স দল। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, হাসপাতালের ভেতরেই ছয়জনের মৃত্যু হয়েছে। আহতদের সংখ্যা ২০ ছাড়িয়েছে।

হাসপাতালটির দ্বিতীয় তলায় হামলাটি চালানো হয়। নাসের মেডিকেল কমপ্লেক্স গাজার অন্যতম বৃহৎ চিকিৎসাকেন্দ্র। খান ইউনিসে এখনো চালু থাকা একমাত্র হাসপাতাল এটি। দক্ষিণ গাজার অন্তত পাঁচ লাখ মানুষ চিকিৎসার জন্য এই হাসপাতালের ওপর নির্ভরশীল।

হামলায় নিহত ও আহতদের অধিকাংশই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে কয়েকজনের পরদিন অস্ত্রোপচারের কথা ছিল। চিকিৎসার অপেক্ষায় কয়েক দিন ধরে হাসপাতালে অবস্থান করছিলেন তারা। রাতে হাসপাতালেই ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের ওপর হামলা হয়।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার আগে ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। হাসপাতাল খালি করার নির্দেশনাও দেওয়া হয়নি বলে জানিয়েছেন তারা।

নাসের মেডিকেল কমপ্লেক্সে গত কয়েক বছরে এ নিয়ে সাতবার হামলার ঘটনা ঘটল। এর আগে ২০২৫ সালের ২৫ আগস্ট হাসপাতালটিতে দুই দফা বোমা হামলায় অন্তত ২২ ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন সাংবাদিকও ছিলেন।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.