ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন বিশিষ্ট ব্যাংকার ও আর্থিক খাতের জ্যেষ্ঠ নির্বাহী সেলিম বারকাত এবং ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির। মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত ডিএসইর ১১২৭তম পরিচালনা পর্ষদ সভায় তারা এ দায়িত্ব গ্রহণ করেন।
সেলিম বারকাতের ব্যাংকিং ও আর্থিক সেবা খাতে প্রায় চার দশকের অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে কাজ করার সুবাদে তিনি আন্তর্জাতিক ব্যাংকিং, ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনা, পুঁজিবাজার এবং আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনায় অভিজ্ঞতা অর্জন করেছেন।
১৯৮৯ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি সিটিব্যাংক এনএ বাংলাদেশের সঙ্গে যুক্ত ছিলেন। দেশে ব্যাংকটির প্রথম শাখা প্রতিষ্ঠার উদ্যোগেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরে ২০০১ থেকে ২০১৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সিটিগ্রুপের বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেন। এ সময়ে বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক, ব্রোকার-ডিলার, স্টক এক্সচেঞ্জ, ক্লিয়ারিং হাউস, ডিপোজিটরি ও বীমা খাতের পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় কাজ করেন তিনি।
২০১৯ সালে বাংলাদেশে ফিরে হাবিব ব্যাংক লিমিটেডে জেনারেল ম্যানেজার ও কান্ট্রি ম্যানেজার হিসেবে যোগ দেন সেলিম বারকাত। পরবর্তী সময়ে দক্ষিণ এশিয়ার রিজিওনাল জেনারেল ম্যানেজার হিসেবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপের কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ব্যবসায়িক প্রবৃদ্ধি, সুশাসন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, পরিপালন এবং ট্রেজারি ও লেনদেনভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
২০২৬ সালের সেপ্টেম্বর থেকে তিনি ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ফিন্যান্সে এমবিএ এবং একই বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে সম্মানসহ স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। এ ছাড়া তার রয়েছে যুক্তরাষ্ট্রের আর্থিক খাতের পেশাগত সনদ এবং নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণ।
অন্যদিকে, ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির ১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন। প্রায় তিন দশকের সামরিক কর্মজীবনে কৌশলগত পরিকল্পনা, সামরিক পরিচালনা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও সাংগঠনিক উন্নয়নে কাজ করেছেন তিনি। সেনাসদরে গুরুত্বপূর্ণ পরিচালক পদে দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে কর্মরত রয়েছেন।
রংপুর ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী হুমায়ুন কবির ১৯৯২ সালের এসএসসি ও ১৯৯৪ সালের এইচএসসি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থান অর্জন করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর, যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর এবং ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। যুক্তরাজ্যের চার্টার্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকেও কৌশলগত ব্যবস্থাপনা ও নেতৃত্ব বিষয়ে উচ্চতর যোগ্যতা অর্জন করেছেন তিনি।
তার সামরিক প্রশিক্ষণের মধ্যে বাংলাদেশ আর্মি স্টাফ কোর্স, যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের অ্যাডভান্সড কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স এবং ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের ন্যাশনাল ডিফেন্স কোর্স উল্লেখযোগ্য। এ ছাড়া কানাডা ও যুক্তরাষ্ট্রে নিরাপত্তা ও ব্যবস্থাপনাবিষয়ক উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন তিনি। জাতিসংঘের অধীনে দুটি শান্তিরক্ষা মিশনেও অংশগ্রহণ করেছেন এই সেনা কর্মকর্তা। তার নেতৃত্ব ও পেশাগত অবদান বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের বিভিন্ন সামরিক সম্মাননায় স্বীকৃতি পেয়েছে।
ডিএসইর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভর্ন্যান্স, নেতৃত্ব, আন্তর্জাতিক সম্পৃক্ততা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় দুই পরিচালকের অভিজ্ঞতা এক্সচেঞ্জটির পরিচালনা পর্ষদের কার্যক্রমকে সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক কার্যকারিতা বাড়ানো এবং অংশীজনদের আস্থা সুদৃঢ় করতেও তাদের ভূমিকা রাখার প্রত্যাশা করছে ডিএসই।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.