সরকার স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। এই বরাদ্দ যথাযথভাবে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ জাতি গঠন করাই সরকারের মূল লক্ষ্য।

মঙ্গলবার জেলার রূপগঞ্জে দাউদপুর জেনারেল হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, বিগত সরকারের আমলে দেশের সামগ্রিক উন্নয়নের চেয়ে ব্যক্তিস্বার্থই বেশি প্রাধান্য পেয়েছিল। জনগণের ওপর তো নয়ই, এমনকি নিজেদের প্রতিও তাদের কোনো আস্থা ছিল না। আর সে কারণেই তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে।

তিনি বলেন, দেশের জনগণ বিএনপির ওপর পূর্ণ আস্থা রেখে যে দায়িত্ব অর্পণ করেছে, সরকার সেই আস্থার প্রতিদান দিতে নিরলসভাবে কাজ করছে।। নির্বাচনের আগে বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে সরকার একের পর এক জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। নারীদের আর্থিক ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের জন্য সম্মানী ভাতা ও ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ড চালু করা হয়েছে।

স্বাস্থ্য অবকাঠামোর ধারাবাহিক উন্নয়নের কথা তুলে ধরে জাহিদ হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ৩১ শয্যায় উন্নীত হয়েছিল। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে তা ৫০ শয্যায় রূপান্তর করা হয়। তারই ধারাবাহিকতায় স্বাস্থ্যসেবাকে সর্বজনীন করতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যায় রূপান্তরের কার্যক্রম হাতে নিয়েছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.