বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন জেলায় মোট ১ হাজার ৮৮৩টি মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এর মধ্যে হত্যা মামলার সংখ্যা ৮০৫টি এবং অন্যান্য ধারার অধীনে মামলা হয়েছে ১ হাজার ৭৮টি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রোকেয়া বেগমের লিখিত এক প্রশ্নোত্তর পর্বে আইনমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম সভাপতিত্ব করছিলেন।
আইনমন্ত্রী বলেন, এর মধ্যে ২৯৩টি মামলায় (হত্যা মামলা ৯৮টি এবং অন্যান্য মামলা ১৯৫টি) তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে এবং এসব মামলার বিচার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। অন্যদিকে, ঘটনার সত্যতা থাকলেও ঘটনাস্থল-সংক্রান্ত জটিলতায় সঠিক থানায় মামলা না হওয়া এবং একই ঘটনায় একাধিক বাদী পৃথক মামলা করায় ৯১টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। বাকি ১ হাজার ৪৯৯টি মামলার তদন্ত কার্যক্রম এখনো চলছে। এই বিপুলসংখ্যক মামলার তদন্ত প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ হলেও দ্রুততম সময়ে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে পুলিশ বিভাগ কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, প্রতিটি মামলার তদন্তে প্রাসঙ্গিক সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে ভুক্তভোগীদের সুষ্ঠু বিচার নিশ্চিত করা যায়। এছাড়া এসব মামলা যথাযথভাবে পরিচালনা ও দ্রুত নিষ্পত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সকল পাবলিক প্রসিকিউটরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং অগ্রগতির বিষয় নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার সংক্রান্ত তথ্যে মন্ত্রী জানান, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এ পর্যন্ত মোট ৭৯টি মামলা দায়ের বা রুজু করা হয়েছে। এর মধ্যে ৮টি মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশের মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে এবং রায়ে মোট ৭৩ জন আসামিকে সাজা দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৪ জন আসামিকে মৃত্যুদণ্ড এবং ৪৯ জনকে আমৃত্যু কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বাকি মামলাগুলোর মধ্যে বর্তমানে ২৬টি বিচার পর্যায়ে এবং ৪৫টি তদন্ত পর্যায়ে রয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সংঘটিত নৃশংস অপরাধের শিকার ব্যক্তি ও তাঁদের ভুক্তভোগী পরিবারগুলোকে ন্যায়বিচার প্রদানে বর্তমান সরকার পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। যারা নিরীহ মানুষ হত্যা করেছে, গুম করেছে, নির্যাতন কিংবা পঙ্গু করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.