৭ নভেম্বরের চেতনায় গড়ে উঠুক আগামীর বাংলাদেশ: তারেক রহমান

১৯৭৫ সালের ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনায় আগামীর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক বাংলাদেশের আগামী নির্মাণের প্রেরণা ও পাথেয়।

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। দিবসটি উপলক্ষে সরকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।

বাণীতে তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী সব ষড়যন্ত্র রুখে দিয়েছিল। দেশের ইতিহাসে দিনটি ছিল শত্রু-মিত্র চিহ্নিত করার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

তিনি বলেন, ইতিহাসের চর্চা যেমন জরুরি, তেমনি ভবিষ্যৎ নির্মাণে ইতিহাস থেকে শিক্ষা না নেওয়াও বড় ভুল। ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ধারণের একটি ঐতিহাসিক তারিখ। এদিন দেশপ্রেমিক সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে একদলীয় স্বৈরাচারী শাসন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির পরাজয় ঘটেছিল।

প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের লড়াই, আর ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার আন্দোলন। একইভাবে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে নেমেছিল।

ভবিষ্যতে কেউ যেন দেশের স্বাধীনতা, জনগণের অধিকার ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও তা সমুন্নত রাখতে ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের চেতনা ধারণ করতে হবে।

বাণীতে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের বিপ্লব, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং একটি স্বনির্ভর, নিরাপদ ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের অভিন্ন প্রত্যাশা হিসেবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশপ্রেমিক গণতন্ত্রকামী জনগণের অঙ্গীকার হওয়া উচিত—‘দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।’

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির সফলতা কামনা করে তিনি বলেন, ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক বাংলাদেশের আগামী নির্মাণের প্রেরণা ও পাথেয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.