বৃহস্পতিবার (৫ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৪ নভেম্বর নতুন ট্রেন চালুর প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
অনুমোদিত সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ছেড়ে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে, ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে প্রতিদিন বিকেল ৩টা ২৫ মিনিটে যাত্রা শুরু করে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে।
যাত্রাপথে ট্রেন দুটি উভয় দিক থেকে দাশুরিয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে থামবে।
আগামী ১৯ নভেম্বর বিকেলে পাবনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকা-পাবনা-ঢাকা রুটে নতুন এই আন্তঃনগর রেলসেবা চালু হবে।
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে ট্রেন দুটি চালু করা হচ্ছে। নতুন এই সেবার ফলে ঢাকা ও পাবনার মধ্যে যাত্রীদের যাতায়াতের সুযোগ বাড়বে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.