মোংলায় নতুন শিল্পকারখানা স্থাপন এবং চীনা বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে এ অঞ্চলকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ জন্য মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলায় চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মতবিনিময়ে প্রধানমন্ত্রী বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করতে আগ্রহী। দেশের অর্থনৈতিক উন্নয়নে চীনা বিনিয়োগের সুযোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন।
মোংলায় শিল্পকারখানা গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, বন্দরকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নের সুযোগ তৈরি করতে চায় সরকার। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে শিল্পকারখানার চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে।
এ সময় মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রতিনিধিদলকে বিশেষ ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
দিনটিকে গুরুত্বপূর্ণ ও আনন্দের উল্লেখ করে তিনি দেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টায় চীনা বিনিয়োগকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এদিন ইনভেস্ট বাংলাদেশ ও সিআরসিসির মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়। সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে চীনা প্রতিনিধিদল এতে অংশ নেয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.