ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে চলমান আন্দোলনের ষষ্ঠ দিনেও উত্তপ্ত গাজীপুর। বুধবার (৪ নভেম্বর) সকালে মহানগরীর বোর্ডবাজারের বড়বাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। এ সময় শ্রমিকদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনরত শ্রমিকেরা হঠাৎ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকদের একটি দল নগরীর বাসন থানায় হামলার চেষ্টা চালায়। থানা ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি লাঠিসোঁটা নিয়ে সেখানে যাওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সকালে সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বড়বাড়ী এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে সেখানে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.