যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্থানীয় সময় ভোট শেষ হওয়ার পরপরই বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রাথমিক ফল আসতে শুরু করবে। তবে সব আসনের চূড়ান্ত ফল জানতে কয়েক দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। বিশেষ করে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসনগুলোতে ভোট গণনা ও ফল ঘোষণা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায়) ইন্ডিয়ানা ও কেনটাকির কিছু এলাকায় প্রথম ভোটকেন্দ্র বন্ধ হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হবে। বাংলাদেশ সময় বুধবার ভোর থেকে বিভিন্ন এলাকার ফল আসতে শুরু করবে।
এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবগুলো এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির কাছ থেকে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে ডেমোক্র্যাটরা।
তবে ভোটকেন্দ্র বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই বিজয়ী নির্ধারণ করা সম্ভব হবে না। নির্বাচন কর্মকর্তারা ব্যালট গণনার অগ্রগতি অনুযায়ী ফল প্রকাশ করবেন। এরপর সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থাগুলো প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কোনো প্রার্থীকে বিজয়ী ঘোষণা করতে পারে। প্রতিদ্বন্দ্বিতা খুব কাছাকাছি হলে কোনো কোনো আসনের ফল ঘোষণা করতে কয়েক ঘণ্টা, এমনকি কয়েক দিনও লেগে যেতে পারে।
এদিকে আলাস্কা, ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, নেভাদা, মেইন ও ওয়াশিংটনে ভোট গণনায় তুলনামূলক বেশি সময় লাগতে পারে। এসব অঙ্গরাজ্যের কোথাও ডাকযোগে ভোটের সংখ্যা বেশি, কোথাও ভোটারদের স্বাক্ষর যাচাইয়ের প্রক্রিয়া রয়েছে। আবার আলাস্কা ও মেইনে পছন্দক্রমভিত্তিক ভোট পদ্ধতি থাকায় কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে অতিরিক্ত গণনা করতে হয়।
নেভাদায় নির্বাচনের দিন ডাকযোগে পাঠানো ব্যালট পরবর্তী চার দিন পর্যন্ত পৌঁছাতে পারে। পাশাপাশি স্বাক্ষরসংক্রান্ত ত্রুটি সংশোধনের জন্য ভোটাররা ছয় দিন সময় পান। ফলে সেখানে চূড়ান্ত ফল প্রকাশ পরবর্তী সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে।
অন্যদিকে ফ্লোরিডা, ওহাইও, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া ও উইসকনসিনে তুলনামূলক দ্রুত ফল আসার সম্ভাবনা রয়েছে। ২০২৪ সালের নির্বাচনে এসব অঙ্গরাজ্যের কয়েকটিতে ভোট শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অধিকাংশ ফল প্রকাশিত হয়েছিল।
অনেক আসনের ফল নির্বাচনের রাতেই জানা যেতে পারে। তবে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ কোন দলের হাতে যাচ্ছে, তা নিশ্চিত হতে কয়েক দিন লেগে যেতে পারে। ২০২৪ সালের নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ কোন দল পাবে, তা নিশ্চিত হতে আট দিন সময় লেগেছিল।
আলাস্কার সিনেট নির্বাচনে পছন্দক্রমভিত্তিক ভোট গণনার প্রয়োজন হলে পরবর্তী দফার গণনা ১৮ নভেম্বর নির্ধারিত রয়েছে। এ ছাড়া কোনো আসনে ভোটের ব্যবধান খুব কম হলে স্বয়ংক্রিয়ভাবে বা প্রার্থীর আবেদনে পুনর্গণনা হতে পারে। আদালতে ফল চ্যালেঞ্জ করা হলেও চূড়ান্ত ফল ঘোষণায় বিলম্ব হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এককভাবে কংগ্রেস নির্বাচনের ফল বাতিল করতে পারেন না। অঙ্গরাজ্যগুলো নিজ নিজ নির্বাচন পরিচালনা ও ফল প্রত্যয়ন করে। নির্বাচনী বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে প্রতিনিধি পরিষদ ও সিনেটেরও নিজ নিজ সদস্যদের নির্বাচনসংক্রান্ত বিরোধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার সাংবিধানিক ক্ষমতা রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.