আগামী গ্রীষ্মে বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের ভোগান্তি কমাতে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী গ্রীষ্মের মধ্যে সোলার প্যানেল থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনে ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রতিমন্ত্রী বলেন, লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখতে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। আগামী গ্রীষ্মে যেন মানুষ চলতি বছরের মতো বিদ্যুৎ ভোগান্তিতে না পড়েন, সে লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, এবারের গ্রীষ্মে জনগণ যতটুকু কষ্ট পেয়েছেন, আগামী বছর যেন তাদের সেই কষ্ট পেতে না হয়। আর ভোগান্তি হলেও তা যেন সহনীয় পর্যায়ে থাকে। এ ক্ষেত্রে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন বা রুফটপ সোলার হতে পারে সহজ সমাধান।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জনগণের ভোগান্তি কমানোই সরকারের মূল লক্ষ্য। সে লক্ষ্য বাস্তবায়নে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সভায় বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ বলেন, সরকার চায় আগামী গ্রীষ্ম মানুষের জন্য সহনীয় হোক। এ লক্ষ্য অর্জনে সৌরবিদ্যুৎকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.