দেড় শতাধিক শিল্প কারখানা বন্ধ ঘোষণা

বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় অন্তত দেড় শতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া ও গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

মোমিনুল ইসলাম জানান, আজ শ্রমিক বিক্ষোভের মুখে দেড় শতাধিক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও আজকের এ বিক্ষোভের সময় দায়িত্ব পালন করতে গিয়ে সাত থেকে আটজন পুলিশ সদস্য আহত হয়েছে। আহত পুলিশ সদস্যদের আঘাত তেমন গুরুতর না, তারা ইট পাটকেলের আঘাতে আহত হয়েছেন।

জানা যায়, সকাল থেকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আল-মুসলিম, টাউজার লাইন ও নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কর্মবিরতি পালন শুরু করেন। পরে তারা কারখানা থেকে বের হয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তাদের সঙ্গে সংহতি জানিয়ে অন্যান্য পোশাক কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগ দেন। শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা, শ্রমিকদের কালো তালিকাভুক্তকরণ বন্ধ ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে রাস্তায় নেমেছেন তারা। তারা বিভিন্ন অজুহাতে ইচ্ছেমতো শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানান।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.