নেতানিয়াহু সরকারের পরিবর্তনের দাবিতে তেল আবিবে ২ হাজার মানুষের বিক্ষোভ

ইসরায়েলে নতুন সরকার গঠনের দাবিতে রাজধানী তেল আবিবে বিক্ষোভ করেছেন প্রায় ২ হাজার মানুষ। শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিক্ষোভকারীরা বর্তমান সরকারের পরিবর্তে ইহুদি ও আরবদের অংশগ্রহণে নতুন সরকার গঠনের দাবি জানান।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা হাবিমা স্কয়ার থেকে মিছিল শুরু করে ইবন গাবিরোল সড়ক হয়ে রাবিন স্কয়ারে পৌঁছান। সেখানে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা ড্রাম বাজিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘পরিবর্তনের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে’ এবং ‘সবার জন্য সমতা’।

এ সময় বিক্ষোভকারীরা হিব্রু ভাষায় স্লোগান দেন, ‘অংশীদারত্ব ও সমতার মাধ্যমে আমরা বর্তমান সরকার পরিবর্তন করব।’ অন্যদিকে মিছিলে অংশ নেওয়া আরব বিক্ষোভকারীরা স্লোগান দেন, ‘শান্তি, স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচার।’

এর আগে জেরুজালেমের প্যারিস স্কয়ারেও তুলনামূলক ছোট পরিসরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

ইসরায়েলের ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুবিরোধী দলগুলো মোট ৬৭টি আসন পেয়েছে। এর মধ্যে জায়নবাদী নেতানিয়াহুবিরোধী দলগুলোর আসন ৪৮টি। বাকি ১৯টি আসন পেয়েছে দুটি আরব দল।

একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিরোধী শিবিরের সম্ভাব্য প্রধানমন্ত্রী আইজেনকোটের সরকার গঠনের পথ জটিল হয়ে পড়েছে। অন্যদিকে বিদায়ী জোট ৫৩টি আসন পেলেও নেতানিয়াহুর পক্ষেও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন সম্ভব হচ্ছে না। ফলে নতুন সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.