দুই দফায় সোনার দাম কমল ভরিতে ৭ হাজার ১১৫ টাকা

দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে ৫ হাজার ৪৮২ টাকা। শুক্রবারের পর শনিবারও দাম কমানোর ফলে দুই দিনে ভরিপ্রতি সোনার দাম কমেছে মোট ৭ হাজার ১১৫ টাকা। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এদিন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়।

বাজুসের নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। আগের দরের তুলনায় কমেছে ৫ হাজার ৪৮২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ২৪৯ টাকা কমিয়ে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৪৯১ টাকা কমিয়ে ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে শুক্রবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল বাজুস। শনিবারের নতুন দর কার্যকর হওয়ার পর দুই দফায় এই ক্যারেটের সোনার দাম মোট ৭ হাজার ১১৫ টাকা কমল।

সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৬ টাকা কমে ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১১৭ টাকা কমে ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৫৮ টাকা কমে ২ হাজার ২১৬ টাকা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.