বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা হত্যা, বন্ধুর ছোট ভাই পিবিআইয়ের হেফাজতে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে দীপকে হেফাজতে নেওয়া হয়। আজ শুক্রবার সকালে পিবিআইয়ের আইন ও গণমাধ্যম শাখার পুলিশ সুপার মো. আবু ইউসুফ এ তথ্য নিশ্চিত করেন।

আবু ইউসুফ বলেন, তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপকে পিবিআই মেট্রো উত্তরের কার্যালয়ে নেওয়া হয়েছে। ঘটনার আগের রাতে তাঁরা একসঙ্গে বাইরে গিয়েছিলেন এবং সময় কাটিয়েছিলেন। এ বিষয়ে দীপের কাছে জানতে চাওয়া হবে। তাঁর দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হবে।

তাহসিফ গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে বের হন। ওই দিন দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে মাকে মুঠোফোনে ভয়েস মেসেজ পাঠিয়ে তিনি বাসায় ফেরার কথা জানিয়েছিলেন। তবে এরপর আর বাসায় ফেরেননি তিনি।

পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। বাসা থেকে বের হওয়ার সময় সঙ্গে নেওয়া মোটরসাইকেলটিরও এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বজনেরা।

তাহসিফ নিখোঁজ হওয়ার আগে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাঁকে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে দীপ হিসেবে শনাক্ত করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে তাহসিফের সঙ্গে ওই ব্যক্তির দেখা হয়। এ সময় তাঁরা পরস্পরের সঙ্গে হাত মেলান। পরে আলাদা দুটি মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.