পাঁচ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা দেরি করার পর ঢাকার উদ্দেশে উড়াল দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টা ৫৫ মিনিটে উড়োজাহাজটি জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বিষয়টি নিশ্চিত করে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭ কারিগরি ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিলম্বে উড্ডয়ন করেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপকের উপস্থিতিতে বিমানের নিজস্ব ইঞ্জিনিয়ারিং টিম ও জাপানের টেকনিশিয়ানরা যৌথভাবে কারিগরি ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সফল মেরামতের পর বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে উড়োজাহাজটিকে পুশব্যাক করা হয় এবং রাত ৭টা ৫৫ মিনিটে ফ্লাইটটি নিরাপদে বাংলাদেশের উদ্দেশে নারিতা বিমানবন্দর ত্যাগ করে। এটি রাত ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

মেরামতের পর বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে পুশব্যাক হয় এবং ৭টা ৫৫ মিনিটে উড্ডয়ন করে ফ্লাইটটি। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় যান্ত্রিক ত্রুটির কারণে এই ফ্লাইটের উড্ডয়ন স্থগিত করা হয়েছিল।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানান, উড়োজাহাজের কারিগরি ত্রুটি ধরা পড়ার পর প্রকৌশলীরা অবিলম্বে তা মেরামতের কাজ শুরু করেন। পরবর্তীতে বিমানের ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল সফলভাবে ফ্লাইটটির ত্রুটি সারাতে সক্ষম হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.