যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের নির্বাচনে ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশি নাগরিক মোহাম্মাদ হাসিবুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। মার্কিন নাগরিক না হয়েও ভোট দেওয়ার অভিযোগে ৩৩ বছর বয়সী এই ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির মেরিল্যান্ড জেলার অ্যাটর্নির কার্যালয়।
গত ২৭ অক্টোবর মেরিল্যান্ড জেলার অ্যাটর্নির কার্যালয় এ তথ্য প্রকাশ করে। অভিযোগের বিষয়ে যৌথভাবে তথ্য জানিয়েছেন জেলার অ্যাটর্নি কেলি ও হায়েস এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) বাল্টিমোর ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইনচার্জ জিমি পল।
অভিযোগ অনুযায়ী, হাসিবুর রহমান জানতেন যে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক নন। এরপরও তিনি ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ভোট দেন। ওই নির্বাচনে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন।
এ ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানানো হয়েছে। অভিযোগে দোষী সাব্যস্ত হলে হাসিবুর রহমানের সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড হতে পারে। তবে ফেডারেল অপরাধের ক্ষেত্রে আইন নির্ধারিত সর্বোচ্চ সাজার চেয়ে কম সাজা দেওয়ার নজির রয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.