পাবনায় ২৭ উদ্যোক্তাকে ২ কোটি ৭০ লাখ টাকার ঋণ সহায়তা

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমের প্রচার ও বাস্তবায়নে পাবনায় টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২৭ জন কৃষি ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তার মধ্যে মোট ২ কোটি ৭০ লাখ টাকার ঋণ অনুমোদনপত্র ও চেক বিতরণ করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার, পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, অগ্রণী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুল করিম এবং পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. হারুন অর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিস।

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০ হাজার কোটি টাকার খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানবিষয়ক পুনঃঅর্থায়ন স্কিম এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব গড়ে তোলার লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার স্কিমের কার্যকর প্রচার ও সফল বাস্তবায়ন ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানটি সমন্বয় করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পাবনা শাখা এবং অগ্রণী ব্যাংক পিএলসির পাবনা আঞ্চলিক কার্যালয়। এ দুটি প্রতিষ্ঠান লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে।

সভায় পাবনা অঞ্চলে কার্যরত তফসিলি ব্যাংকগুলোর কর্মকর্তা ও ব্যবস্থাপকদের পাশাপাশি তিন শতাধিক কৃষি ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তা অংশ নেন। এ ছাড়া পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, এসব পুনঃঅর্থায়ন স্কিম সম্পর্কে উদ্যোক্তাদের সচেতনতা বাড়ানো এবং অর্থায়ন সুবিধা সহজলভ্য করার মাধ্যমে কৃষি ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোগের বিকাশে সহায়তা করা সম্ভব হবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.