সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে এবং সেটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

তবে সৌদি কর্তৃপক্ষ মঙ্গলবার আগেই ঘোষণা করেছে যে, দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে তাদের লক্ষ্যে পৌঁছানোর আগেই প্রতিহত ও ধ্বংস করেছে।

সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা ‘সৌদি প্রেস এজেন্সি’ (এসপিএ) দেশটির সিভিল ডিফেন্সের বরাতে জানিয়েছে, হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ রাজধানী রিয়াদে বস্তুগত ক্ষয়ক্ষতি ঘটিয়েছে।

মঙ্গলবার দুপুরের পর সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ সৌদি রাজধানীতে বিমান হামলার সতর্কতা জারি করে।

এদিকে, বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতা জানিয়েছেন, আজ দিনের শুরুতে রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

হুথিরা আরও দাবি করেছে, এর আগে তারা দু’টি সামরিক পরিবহন বিমানকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। প্রথমটি নাজরান বিমানবন্দরে এবং অন্যটিকে খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে।

ইয়াহিয়া সারি দাবি করেছে, দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে এবং দু’টোই সফল।

সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় হামলার দাবি জানানোর পর এই ঘোষণা দেয় গোষ্ঠীটি।

গোষ্ঠীটির মুখপাত্রের দাবি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ফলে শোধনাগারটিতে আগুন ধরে যায়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.