তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য যত দ্রুত সম্ভব নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ জন্য শ্রমিকপক্ষকে প্রতিনিধি মনোনয়নে এক সপ্তাহ সময় দিয়েছেন তিনি। শ্রমিক প্রতিনিধির নাম পাওয়ার দুই দিনের মধ্যে বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান মন্ত্রী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ৯৬তম এবং তৈরি পোশাকশিল্পবিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ২৫তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
শ্রমমন্ত্রী জানান, মজুরি বোর্ড গঠনের জন্য মালিকপক্ষ ইতোমধ্যে তাদের প্রতিনিধি মনোনয়ন দিয়েছে। এখন শ্রমিকপক্ষকে আলোচনা করে তাদের প্রতিনিধির নাম জমা দিতে হবে। এ ক্ষেত্রে এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। নাম পাওয়ার পর দুই দিনের মধ্যেই বোর্ড গঠনের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।
মজুরি বোর্ড গঠন নিয়ে অনিশ্চয়তার কোনো অবকাশ নেই উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, এ বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ নেবে।
তিনি আরও বলেন, মজুরি বোর্ড গঠনের বিষয়কে কেন্দ্র করে আন্দোলনের মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা শ্রমিক ও মালিকপক্ষ মেনে নেবে না। তৃতীয় কোনো পক্ষ এ বিষয়কে ইস্যু বানানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.