সৌদি আরবকে সামরিক সহায়তা দিতে মিসরের পার্লামেন্টে বিল পাস

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার প্রেক্ষাপটে সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার অনুমোদন পেয়েছে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির সরকার। দেশটির পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় এ-সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। তবে সৌদি আরবকে সহায়তার অংশ হিসেবে মিসরীয় সেনা মোতায়েন করা হবে কি না, তা স্পষ্ট করা হয়নি।

মিসরের পার্লামেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার অনুমোদন চেয়ে প্রেসিডেন্ট সিসি আইনপ্রণেতাদের কাছে লিখিত অনুরোধ জানান। সোমবার বিলটি পার্লামেন্টে উত্থাপনের পর অধিকাংশ সদস্য এর পক্ষে ভোট দেন। বিলটি নিয়ে কয়েক ঘণ্টার রুদ্ধদ্বার আলোচনা শেষে ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

পার্লামেন্টের অনুমোদনের ফলে সৌদি আরবের সঙ্গে সমন্বয় করে দেশটির ভূখণ্ড, সার্বভৌমত্ব ও পবিত্র স্থানগুলোর সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন প্রেসিডেন্ট সিসি। তবে কী ধরনের সামরিক সহায়তা দেওয়া হবে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।

আইনপ্রণেতারা আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি এবং মিসর ও আরব বিশ্বের জাতীয় নিরাপত্তার ওপর এর সম্ভাব্য প্রভাব পর্যালোচনা করেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা অংশ নেন।

পার্লামেন্টের এ সিদ্ধান্ত গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মিসরের জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের বৈঠকের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে প্রেসিডেন্ট সিসির অনুরোধের পরিপ্রেক্ষিতে পার্লামেন্টে ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হয়। স্পিকার হিশাম বাদাওয়ির সভাপতিত্বে তৃতীয় রুদ্ধদ্বার অধিবেশনেও বিষয়টি নিয়ে আলোচনা করেন আইনপ্রণেতারা।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুথি গোষ্ঠীর দীর্ঘদিনের সংঘাতের মধ্যেই মিসরের পার্লামেন্টের এ অনুমোদন এল। তবে হুথি হামলা মোকাবিলায় সৌদি আরবকে সহায়তা করতে মিসর ঠিক কী পদক্ষেপ নেবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.