জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবকে চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব থেকে তাঁকে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব পদে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। পাশাপাশি এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে তাঁকে চেয়ারম্যান করা হয়েছে। অবসরে যাওয়ার আগে তাঁকে নিজ ক্যাডারে প্রত্যাবর্তন করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ২৯ জুন এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন আহসান হাবিব। তখন তিনি সংস্থাটির কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রায় চার মাস পর ভারপ্রাপ্ত পদ থেকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হলেন তিনি।
আহসান হাবিবের নিয়োগের মধ্য দিয়ে প্রথমবারের মতো এনবিআরের নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে সংস্থাটির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।
আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি ১৫তম বিসিএসের কর ক্যাডারের কর্মকর্তা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.