বিশ্ববাজারে সোনার দামে ঊর্ধ্বগতি, বাড়ল রুপার দরও

আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার দাম বেড়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দর কমে আসায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে। এর মধ্যে সোমবার (২৬ অক্টোবর) সোনার পাশাপাশি রুপার দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

বাংলাদেশ সময় বেলা ১১টা ৪৪ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১০ দশমিক ৫১ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বরে সরবরাহের জন্য নির্ধারিত সোনার ভবিষ্যৎ চুক্তির দামও দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৪ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের দাম কমায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে, যা সোনার বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে ভবিষ্যতে সোনার দামের গতিপথ নির্ভর করবে সুদের হার ও বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির ওপর।

ব্রোকারেজ প্রতিষ্ঠান ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ আর্থিক বাজার বিশ্লেষক কাইল রোডডা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে, যার প্রতিফলন সোনার দামে দেখা যাচ্ছে। আগামী দিনে এ মূল্যবান ধাতুর দর সুদের হার ও বৈশ্বিক ভূরাজনৈতিক ঝুঁকির ওপর নির্ভর করবে।

এদিকে রুপার দাম দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৪ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে। তবে প্ল্যাটিনামের দাম দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৫৪৮ দশমিক ৩০ ডলারে নেমেছে। অন্যদিকে প্যালাডিয়ামের দাম দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৪৬ দশমিক ২৫ ডলারে উঠেছে।

দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.