বিশ্বে বায়ুদূষণে চতুর্থ ঢাকা, দূষণ বেশি যেসব এলাকায়

শুষ্ক আবহাওয়ার মধ্যে রাজধানীর বাতাসে দূষণের মাত্রা বেড়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল সোয়া ৯টায় বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণে চতুর্থ অবস্থানে ছিল ঢাকা। এ সময় শহরটির বায়ুমান সূচক ছিল ১৬৮, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক অনুযায়ী, ওই সময় সবচেয়ে দূষিত শহর ছিল ভারতের দিল্লি। শহরটির বায়ুমান সূচক ছিল ২০০। তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর ও করাচি, যাদের সূচক ছিল যথাক্রমে ১৯৯ ও ১৭৫।

রাজধানীর বিভিন্ন পর্যবেক্ষণকেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি দূষণ শনাক্ত হয়েছে গুলশান লেক পার্ক এলাকায়। সেখানে বায়ুমান সূচক ছিল ১৯৪। এরপর বারিধারা লেক সাইডে ১৮৫, উত্তর বাড্ডার আবদুল্লাহবাগে ১৮৩, পুরান ঢাকার বেচারাম দেউড়িতে ১৭৭ এবং মিরপুরের দক্ষিণ পল্লবীতে ১৭২ স্কোর রেকর্ড করা হয়।

এ ছাড়া বারিধারা পার্ক রোডে ১৬৯, মিরপুরের সাগুপ্তায় ১৬৭, ইস্টার্ন হাউজিংয়ে ১৬৫ এবং গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকায় ১৪৭ স্কোর ছিল। আইকিউএয়ারের পর্যবেক্ষণ তালিকায় সেন্সর নম্বর-০৩ কেন্দ্রের স্কোর ছিল ১৫৯।

বায়ুমান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত স্কোরকে ভালো এবং ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর ধরা হয়। ৩০১ থেকে ৪০০ স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

দূষিত বাতাসের স্বাস্থ্যঝুঁকি কমাতে ঘরের জানালা বন্ধ রাখা এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। বিশেষ করে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের দূষিত পরিবেশে দীর্ঘ সময় থাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.