বিদেশি পর্যটকদের কাছ থেকে কার্ডে পণ্য ও সেবা বিক্রি করে পাওয়া ডলারের একটি অংশ নিজেদের হিসাবে রাখার সুযোগ পাচ্ছে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও শপিং মলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। নতুন নিয়মে তারা প্রাপ্ত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ সংরক্ষণ করতে পারবে। বাকি ৮৫ শতাংশ টাকায় রূপান্তর করতে হবে।
রোববার (২৫ অক্টোবর) এ বিষয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সুযোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রির বিপরীতে আন্তর্জাতিকভাবে ইস্যু করা কার্ড এবং অনুমোদিত অন্যান্য পেমেন্ট উপকরণের মাধ্যমে পাওয়া অর্থের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে।
সংরক্ষিত ডলার দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বৈধ বৈদেশিক লেনদেনের ব্যয় মেটাতে পারবে। তবে এ ক্ষেত্রে প্রচলিত বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত আইন ও বিধিবিধান মানতে হবে। আন্তর্জাতিক কার্ড ব্যবহার করেও এসব ব্যয় পরিশোধ করা যাবে।
এ ছাড়া বিদেশি পর্যটকদের কাছ থেকে আন্তর্জাতিক কার্ড ও অনুমোদিত অন্যান্য পেমেন্ট উপকরণের মাধ্যমে অর্থ গ্রহণের ব্যবস্থা নিশ্চিত করতে এডি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে পর্যটকদের সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো অর্জিত ডলারের একটি অংশ বৈধ প্রয়োজনে ব্যবহার করতে পারবে। পাশাপাশি আন্তর্জাতিক লেনদেনের সুবিধা বাড়ার সঙ্গে সঙ্গে বিদেশি পর্যটকদের কাছ থেকে কার্ডে অর্থ গ্রহণেও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আগ্রহ বাড়তে পারে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.