পুলিশের কার্যকর ভূমিকা ও সক্ষমতা ছাড়া সমাজে মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা কঠিন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশকে সহযোগিতা করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।
তিনি বলেন, সবার জীবনযাত্রার মান উন্নয়নে অর্থনৈতিক অগ্রগতি প্রয়োজন। এ ক্ষেত্রে বেকারত্ব বড় একটি সমস্যা। প্রতিবছর ২৫ থেকে ৩০ লাখ শিক্ষিত বেকার নতুন করে বেকারত্বের তালিকায় যুক্ত হচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।
মাদক নিয়ন্ত্রণে পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরে আলী হোসেন ফকির বলেন, মাদকের বিষয়ে পুলিশের অবস্থান শূন্য সহনশীলতা। কিশোর গ্যাং নির্মূলেও পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে।
সমাবেশে অপরাধ প্রতিরোধে জনসাধারণের অংশগ্রহণ বাড়ানো এবং পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। জনসচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ত পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতেই এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল করিম এবং বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। সমাবেশের আগে পুলিশ লাইনে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন আইজিপি।
কীওয়ার্ড: আইজিপি, আলী হোসেন ফকির, বাগেরহাট পুলিশ, কমিউনিটি পুলিশিং, মাদকবিরোধী অভিযান, কিশোর গ্যাং, বেকারত্ব, জননিরাপত্তা, পুলিশি সক্ষমতা, জনসচেতনতা, অপরাধ প্রতিরোধ, বৃক্ষরোপণ কর্মসূচি



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.