কৃষি উৎপাদন বাড়ানো, প্রান্তিক কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়ন এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বগুড়ায় তিন হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে এনসিসি ব্যাংক পিএলসি। ব্যাংকটির বিশেষ সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বগুড়ার বাগবাড়ী, পদ্মপাড়া ও মহাস্থানগড় এলাকায় এসব উপকরণ দেওয়া হয়।
বিতরণ করা কৃষি উপকরণের মধ্যে রয়েছে বিভিন্ন জাতের সবজির বীজ, সরিষার বীজ, সার ও কীটনাশক।
বাগবাড়ীর সরকারি শহীদ জিয়া ডিগ্রি কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোর্শেদ মিল্টন। সম্মানিত অতিথি ছিলেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম। বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. মো. আবদুল মজিদ প্রামাণিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মো. শামসুদ্দিন ফিরোজ এবং গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান। এ ছাড়া ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধিরা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য মোর্শেদ মিল্টন কৃষকদের কল্যাণে এনসিসি ব্যাংকের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, কৃষি উপকরণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার মাধ্যমে প্রান্তিক কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর এ উদ্যোগ স্থানীয় কৃষি ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। কৃষকদের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম বলেন, ব্যাংকটি শুধু মুনাফা অর্জনেই সীমাবদ্ধ নয়; সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নেও ভূমিকা রাখছে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি কৃষি। তাই কৃষি উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বগুড়ার কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে অন্যান্য জেলার প্রান্তিক কৃষকদের মধ্যেও কৃষি উপকরণ বিতরণের পাশাপাশি উৎপাদিত পণ্য সংরক্ষণের সুবিধা বাড়ানো এবং আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বাড়াতে এনসিসি ব্যাংক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এলাকার প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। এ উদ্যোগ বগুড়া অঞ্চলে সরিষা ও সবজি চাষে কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি উৎপাদন খরচ কমাতে এবং সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ ছাড়া পদ্মপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও কারিগরি এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হেলালুজ্জামান তালুকদার লালু। অন্যদিকে, মহাস্থানগড়ের মহাস্থান শাহ সুলতান বলখী ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীনের।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.