নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও বাজার সৃষ্টিতে ব্র্যাক ব্যাংকের উদ্যোগ

ব্যবসা শুরু করা থেকে শুরু করে প্রতিষ্ঠানের পরিসর বাড়ানো পর্যন্ত নারী উদ্যোক্তাদের বিভিন্ন পর্যায়ে সহায়তা দিচ্ছে ব্র্যাক ব্যাংক। অর্থায়ন, প্রশিক্ষণ, পরামর্শ, ডিজিটাল দক্ষতা উন্নয়ন, নেটওয়ার্কিং এবং পণ্য বিক্রির সুযোগ তৈরির মাধ্যমে নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে কাজ করছে ব্যাংকটির নারী ব্যাংকিং সেবা ‘তারা’।

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, নারী উদ্যোক্তাদের পরিবর্তনশীল চাহিদা বিবেচনায় নিয়ে এসব কর্মসূচি সাজানো হয়েছে। এর লক্ষ্য ব্যবসা পরিচালনার দক্ষতা বাড়ানো, চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা তৈরি এবং নতুন বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণ করা।

‘উদ্যোক্তা ১০১’ কর্মসূচিতে ব্যবসার প্রাথমিক দক্ষতা

ব্র্যাক ব্যাংকের ‘তারা’ বিভাগের প্রধান উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ‘উদ্যোক্তা ১০১’ নারী উদ্যোক্তাদের ব্যবসা ব্যবস্থাপনা, আর্থিক সাক্ষরতা এবং বাজারে প্রবেশের প্রস্তুতি নিতে সহায়তা করে।

তিন মাসের এই কর্মসূচিতে ব্যবসাবিষয়ক শিক্ষা, পরামর্শ, দিকনির্দেশনা, বাস্তবভিত্তিক ঘটনা বিশ্লেষণ, অংশগ্রহণমূলক প্রশিক্ষণ এবং বাণিজ্য মেলার সুযোগ রয়েছে। এর মাধ্যমে উদ্যোক্তারা ব্যবসা পরিচালনার পাশাপাশি আনুষ্ঠানিক আর্থিক সেবা সম্পর্কে ধারণা পান।

২০২১ সালে চালু হওয়া কর্মসূচিটির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে এক হাজার নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তৃণমূলের উদ্যোক্তাদের জন্য ‘আমরাই তারা’

নারী উদ্যোক্তাদের মালিকানাধীন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের বিকাশে ‘আমরাই তারা’ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে তিন দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এতে ব্যবসা ও আর্থিক ব্যবস্থাপনা, প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ, ব্র্যান্ডিং, বিপণন এবং আর্থিক ও ডিজিটাল কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

ব্যাংকটির তথ্য অনুযায়ী, প্রতি বছর নারী উদ্যোক্তাদের মালিকানাধীন ১ হাজার ২০০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের উদ্যোক্তা এ কর্মসূচিতে প্রশিক্ষণ পান। চার বছরে দেশের ৬৪ জেলার মধ্যে ৪০টিতে কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। এসব উদ্যোগের আওতায় রয়েছে গ্রামীণ, আধা-শহুরে ও শহরাঞ্চল।

ডিজিটাল ব্যবসায়িক দক্ষতা বাড়াচ্ছে ‘উদ্যোগতারা’

অনলাইনভিত্তিক ব্যবসা পরিচালনায় সক্ষমতা বাড়াতে ‘উদ্যোগতারা’ কর্মসূচিতে ডিজিটাল দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের পরিচালনায় এতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবসা ব্যবস্থাপনা, কৌশলগত বিপণন, ডিজিটাল বিপণন অ্যাপ্লিকেশন, কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জাম এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়।

২০২৪ সাল থেকে নারী মালিকানাধীন ৩০০টি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য উন্নত ডিজিটাল সাক্ষরতা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল বিপণন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে উদ্যোক্তাদের অনলাইন বাণিজ্য পরিচালনার দক্ষতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

‘তারা উদ্যোক্তা মেলা’য় পণ্যের প্রচার ও বিক্রির সুযোগ

ঈদকে কেন্দ্র করে কেনাকাটার ব্যস্ত সময়ে স্থানীয়ভাবে তৈরি পণ্যের প্রচার ও বিক্রির সুযোগ দিতে প্রতি বছর তিন দিনব্যাপী ‘তারা উদ্যোক্তা মেলা’ আয়োজন করে ব্র্যাক ব্যাংক।

মেলার চারটি আসরে ৪০০ নারী উদ্যোক্তা বিনা মূল্যের স্টলে নিজেদের পণ্য প্রদর্শনের সুযোগ পেয়েছেন। এতে পণ্যের পরিচিতি বাড়ানো, সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ তৈরি এবং বিক্রির নতুন পথ খুঁজে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি মেলায় স্থানীয় উদ্ভাবন ও বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যও তুলে ধরা হয়।

নিয়মিত বিক্রির সুযোগ ‘উদ্যোগতারা বাজার-তালিকাভুক্তি’ কর্মসূচিতে

নারী উদ্যোক্তাদের পণ্যের ক্রেতা বাড়াতে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতি তিন মাস পরপর ‘উদ্যোগতারা বাজার-তালিকাভুক্তি’ কর্মসূচির আয়োজন করা হয়। এর মাধ্যমে প্রায় ৬০০ নারী উদ্যোক্তা ব্যাংকের কর্মীদের কাছে নিজেদের পণ্য প্রদর্শনের সুযোগ পেয়েছেন।

ব্যাংকটির দেওয়া তথ্য অনুযায়ী, এ কর্মসূচি ও ‘তারা উদ্যোক্তা মেলা’ মিলিয়ে বছরে নারী উদ্যোক্তাদের ৪ কোটি ৫০ লাখ টাকার বেশি পণ্য বিক্রি হয়। পাশাপাশি তাঁরা ৭০ লাখ টাকার আগাম ক্রয়াদেশ পান।

শাখার মাধ্যমে আর্থিক সাক্ষরতা কার্যক্রম

ব্র্যাক ব্যাংকের ১৯৫টি শাখার নেটওয়ার্ক ব্যবহার করে প্রতি বছর প্রায় ২ হাজার নারী উদ্যোক্তাকে ব্যাংকিং সেবা ও আর্থিক সাক্ষরতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ, ডিজিটাল দক্ষতা উন্নয়ন, পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগের সমন্বয়ে এসব কর্মসূচি নারী উদ্যোক্তাদের ব্যবসা প্রতিষ্ঠা এবং সম্প্রসারণে সহায়তা করছে বলে জানিয়েছে ব্যাংকটি।

নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও বাজার সৃষ্টিতে ব্যাংকের উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন বলেন, নারীদের উদ্যোক্তা হয়ে ওঠাকে অর্থনৈতিক সম্ভাবনা হিসেবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন। নারীরা সফল ব্যবসা গড়ে তুললে কর্মসংস্থান সৃষ্টি, পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার সুযোগ তৈরি হয়।

তিনি আরও বলেন, ব্যাংক হিসেবে নারী উদ্যোক্তাদের সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়া এবং তাঁদের আকাঙ্ক্ষা পূরণে প্রয়োজনীয় সুযোগ তৈরিতে সহায়তা করা দায়িত্বের অংশ। আরও বেশি নারী যেন দীর্ঘস্থায়ী ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন এবং বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নির্মাণে তাঁদের ভূমিকা জোরালো করতে পারেন, সেটিই ব্যাংকের লক্ষ্য।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.